ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক পদে বদরুদ্দৌজা বাদলকে মনোনয়ন দিয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ফোরামের নেতারা দেখা করতে এলে তারা আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন।
খালেদা নতুন প্যানেলের সাফল্য কামনা করেন।
আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে এই প্যানেলকে বিজয়ী করে আগামী দিনের আন্দোলন বেগবান করার আহবান জানান তিনি।
আগামী মার্চ মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হবে।
ইতিমধ্যে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা আইনজীবী পরিষদ সভাপতি পদে বাসেদ মজুমদার ও সাধারণ সম্পাদক পদে আবুল হোসেনের নেতৃত্বে তাদের ঘোষণা করেছে।
সাক্ষাৎ অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র আইনজীবী মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, শাহজাহান ওমর, আমিনুল হক, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দৌজা বাদলও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৪ ঘ.
bdnews24