২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের পর আন্দোলন: খালেদা

বিশ্বকাপ ক্রিকেটের পর সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের পর সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের চলমান 'আন্দোলনের সঙ্গে' একাত্মতা ঘোষণা করেন খালেদা। খালেদা জিয়া বলেন, "এই বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমরা আবার কর্মসূচি দেব। এখনো সময় আছে- দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি সমস্যার সমাধান আপনারা দিতে না পারলে আন্দোলন হবেই।" গুলশানের কার্যালয়ে এই অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়াপার্সন আইনজীবীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। পরে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। খালেদা জিয়া পুঁজিবাজার ধ্বংসের জন্য সরকারকে অভিযুক্ত করে বলেন, "আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের নিয়ে আগামীতে আমরা আন্দোলন করব।" তিনি অভিযোগ করেন, অর্থ লুঠ করতে প্রতিদিনই পুঁজিবাজারে দরপতন করা হচ্ছে। তিনি বলেন, "প্রতিদিনই অর্থ লুঠ করা হচ্ছে। শেয়ার বাজারের অর্থ সরকারি দলের লোকজনই লুঠ করেছে।" খালেদা জিয়া বলেন, "যে অর্থ লুঠ করা হয়েছে, তাদের বিচার করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের হারানো অর্থ ফেরত দিতে হবে। নইলে আগামীতে এই সরকারের বিচার করা হবে।" পুলিশ সদস্যদের বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর 'নির্যাতন' না করার আহ্বান জানিয়ে খালেদা বলেন, "যারা নির্যাতন করবেন, তাদের চিনে রাখা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বলব- আপনার দেশের, কেউ দলের নন, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে দেশের মানুষের পক্ষে কাজ করুন।" দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থ বলে দাবি করেন খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৮ ঘ.