২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি খাতে যৌথ কাজে ভারতকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলের জন্য লবণ-সহিষ্ণু জাতের ধান উৎপাদনে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলের জন্য লবণ-সহিষ্ণু জাতের ধান উৎপাদনে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বর্তমানে ভারত সফররত আব্দুর রাজ্জাক মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে তার কার্যালয়ে দেখা করতে গেলে তারা এ বিষয়ে আলোচনা করেন। খাদ্যমন্ত্রী সুন্দরবনের ঐতিহ্য রক্ষায় উভয় দেশকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বলে মন্ত্রীর সফরসঙ্গী খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া জানান। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৈঠককালে বাংলাদেশের খাদ্য পরিস্থিতি, কৃষি উৎপাদন এবং দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি সম্পর্কেও খোঁজখবর নেন। খাদ্যমন্ত্রী বাংলাদেশে বিদ্যুৎ সংকট মোকাবেলায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চান। বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রীকে জানান, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে তার দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ লাইনের কাজ শেষ হলে পশ্চিমবঙ্গ থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। কোলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী নরেন দে'র সঙ্গে কোলকাতায় তার কার্যালয়ে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১০৫ ঘ.