ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে 'ডিজিটাল কারচুপি' করতে সরকার দেশে ইলেক্ট্রনিক ভোটিং ব্যবস্থা চালু করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার বিকালে এক সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।
তিনি বলেন, "আরেকটি ডিজিটাল কারচুপির উদ্দেশ্যে দেশে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম চালু করতে চাচ্ছে সরকার। এ ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে।
"যাতে আর তারা [আওয়ামী লীগ] এবারের মতো আগামী নির্বাচনে এরকম ভোটিং সিস্টেমের মাধ্যমে কারচুপি করে জনগণের রায় কেড়ে নিতে না পারে।''
মুক্তাঙ্গনে বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনের মহানগর উত্তরের আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী ও আমিনুল ইসলামসহ গ্রেপ্তারদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশ হয়। শুক্রবার রাতে পল্লবী থানা পুলিশ ইয়াসিন আলীকে গ্রেপ্তার করে।
মির্জা ফখরুল আবারো মধ্যবর্তী নির্বাচনের দাবি করে বলেন, "পুঁজিবাজার, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। তাই সরকারকে বলব, আপনারা পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।"
মিশরে পদত্যাগকারী প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের কথা উল্লেখ করে তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখুন। আড়িয়ল বিলে জনরোষের থেকে শিক্ষা নিন।"
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পুঁজিবাজারের ধ্বংসের পেছনে বিএনপি দায়ী- প্রধানমন্ত্রীর এরকম অভিযোগ নাকচ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, "সরকার পরিচালনায় ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে লাভ হবে না। জনগণ সব কিছু দেখছে।"
"আপনার দ্রব্যমূূল্যের দাম কমাতে না পারলে সরকারের আছেন কেন?," প্রশ্ন করে তিনি বলেন, "ক্ষমতা ছেড়ে দিন।"
সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এই সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদল মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৮ ঘ.
bdnews24