চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং হয়নি।
সোমবার হরতাল চলাকালে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা স্বাভাবিক থাকলেও কোনো পণ্য খালাস হয়নি। রেল ও বিমান চলাচল ছিল স্বাভাবিক। তবে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
দুপুর ১২টার পর থেকে নগরীর বিভিন্ন সড়কে সব ধরণের যানবাহন চলছে। যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, "হরতাল চলাকালে সকাল সাড়ে ৯টা থেকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।"
তবে পুলিশের বাধার কারণে কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ ।
পরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের বিপরীতে এমএ আজিজ স্টেডিয়াম মার্কেট চত্বরে অবস্থান নেয় এবং সমাবেশ করে।
সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাৎ হোসেন, বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, এএম নাজিম উদ্দিন, আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে আমীর খসরু বলেন, "আওয়ামী লীগ দেশে আবারো বাকশাল কায়েম করেছে। বাকশালী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে।"
সমাবেশ চলাকালে দলীয় কার্যালয়ের সামনে অনেক রিকশা ও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
সমাবেশ শেষে বেলা সোয়া একটার দিকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।
দুপুর ১২টার দিকে বিমানবন্দর সড়কের বারিক বিল্ডিং মোড়, আগ্রাবাদ, টাইগার পাস, মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় যানবাহন চলাচল করতে দেখা গেছে।
কিন্তু কোথাও কোনো পিকেটিং হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর কোতোয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) জেদান আল মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "হরতালে কোথাও কোনো পিকেটিং হয়নি।"
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা-নামা হয়েছে।"
হরতাল চলাকালে নগরীতে যানবাহন কিছুটা কম দেখা গেছে।
টাইগার পাস মোড়ের ব্যবসায়ী সরওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাস্তায় যাত্রীর তুলনায় গাড়ি কম। তাই নগর পরিবহনের গাড়িতে বাদুড়ঝোলা হয়ে অনেকে যাতায়াত করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৫৭ ঘ.
bdnews24