ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধীনস্ত সেনাদের চাপে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের ভাই আনোয়ার হোসেন।
মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে কর্নেল তাহেরের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানিতে তিনি এ কথা বলেন।
গত বছর ২৩ অগাস্ট আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ রিট আবেদনটি করেন।
আনোয়ার হোসেন বলেন, "১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর হামলা শুরুর পর জাহাজ থেকে পাকিস্তানি অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন জিয়া। কিন্তু অধীনস্ত সৈন্যরা তাকে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিতে বাধ্য করে।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়।
১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোর রাতে ফাঁসি কার্যকর করা হয় কর্নেল তাহেরের।
ওই মামলায় কর্নেল তাহেরের সঙ্গে আনোয়ারকেও সহঅভিযুক্ত হিসাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সামরিক আদালত প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, "কর্নেল তাহেরকে হত্যা করতে গোপন সামরিক বিচারের ওপরও আস্থা ছিল না জিয়ার।
"এই বিচারে আইনের গুরুতর লঙ্ঘন করেছিলেন তিনি। নিজের তৈরি গোপন সামরিক ট্রাইব্যুনালেও নয়, ঢাকা ক্যান্টনমেন্টের সদর দপ্তরে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বৈঠকে এই মৃত্যুদণ্ড স্থির হয়েছিল।"
সহ-অভিযুক্তদের বিভিন্ন মেয়াদি দণ্ড ওই বৈঠকেই নির্ধারণ করা হয়েছিল জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরো বলেন, "বৈঠকে অংশ নেওয়া ওই সামরিক অফিসারদের অধিকাংশই মুক্তিযুদ্ধে অংশ নেয়নি।"
গোপন সামরিক আদালতে তাহেরের সঙ্গে দণ্ডপ্রাপ্ত আরো ছয়জন ইতোমধ্যে তাদের দণ্ড ও বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক তিনটি রিট আবেদন করেছেন।
দায়ের হওয়া মোট চারটি রিট আবেদনের মধ্যে তিনটির আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী বৃহস্পতিবার সবগুলো রিটের নিষ্পত্তি হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেবি/এএল/পিডি/২১৪৭ ঘ.
bdnews24