ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবারের সংঘর্ষ এবং পুলিশের প্রাণহানির জন্য সরকারকেই দায়ী করেছে তারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, "আড়িয়ল বিলে হাজার হাজার কৃষক ও মৎস্যজীবীসহ গ্রামবাসীরা তাদের অধিকার রক্ষায় রাজপথে নেমে এসেছে। আমরা চাই- ওই বিমান বন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে।"
আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় অর্ধশত।
সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় খালেদা জিয়াকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা করেছেন মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন।
ওই ঘটনায় এর আগে শ্রীনগর থানায় তিনটি মামলা হয়। ওই সব মামলায় ছয় জনকে গ্রেপ্তারের কথা সকালে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আড়িয়ল বিলে নতুন বিমান বন্দর নির্মাণের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "প্রধানমন্ত্রীর বাবার নামের জন্য এই বিমানবন্দর করা হচ্ছে। অথচ ঢাকায় যে আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে- তার শতকরা ২৭ ভাগও ব্যবহার করা হয় না। সেখানে আরেকটি বিমান বন্দর নির্মাণ অপ্রয়োজনীয়। এটা সরকারের প্রকল্প হতে পারে না।"
রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় জিয়া কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে 'গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় জিয়া' শীর্ষক ওই আলোচনা সভায় বক্তব্য দেন ফখরুল।
সোমবারের ঘটনার জন্য সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, "উদ্দেশ্য প্রণোদিতভাবেই গতকাল (সোমবার) শ্রীনগরে ঢাকা-মাওয়া সড়কে সরকার সাধারণ জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। যার কারণে ওই ঘটনা ঘটেছে।"
বর্তমান সরকার ব্যর্থ মন্তব্য করে ফখরুল ইসলাম বলেন, "নির্বাচনের আগে আওয়ামী লীগ দিন বদলের অঙ্গীকার করেছিলো। ক্ষমতায় গিয়ে তারা দিন বদলের পরিবর্তে নিজের ভাগ্য পরিবর্তন করেছে। দ্রব্যমূল্য পরিস্থিতির বর্তমান অবস্থা অতীতের সব রেকর্ড ভেঙেছে। মানুষ আজ কষ্টের মধ্যে আছে।"
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি।
দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।
সংসদে যাওয়ার পরিবেশ সরকারি দলই বিনষ্ট করেছে মন্তব্য করে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "সেখানে শহীদ জিয়া, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে গালিগালাজ করা হয়। এটা বন্ধ করতে হবে।"
সংসদে সুস্থ পরিবেশ সৃষ্টির স্বার্থে বিরোধী দলের সদস্যদের দেওয়া মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করতে হবে জানিয়ে ফারুক বলেন, তা হলেই বিএনপি সংসদে ফিরে যাবে।
সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপিদলীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, চলচিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান দিপু, ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২৩ ঘ.
bdnews24