ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় রাজধানীতে প্রধান বিরোধী দল বিএনপির গণমিছিল কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করছে।
এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিএনপির ৮৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেছে দলটি।
গুপ্তহত্যা বন্ধের দাবি এবং বিরোধী দলের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীরা বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মিছিল নিয়ে নয়া পল্টনে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে এবং জল কামান দিয়ে রঙিন পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর পৌনে ৪টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৫-২০ জন নেতা কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনী ভেঙে মিছিল বের করেন। এ সময়ে তারা সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে ১০০ গজ দূরে গিয়ে আবারও পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ কনস্টেবলরা সারিবদ্ধ হয়ে চারদিক থেকে নেতাকর্মীদের ঘিরে রাখে। এ সময় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে তারা রাস্তায় বসে পড়েন।
নেতারা সেখানে শ্লোগান দেন- ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’; ‘লাঠি-গুলি টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’; ‘হাসিনার গদিতে আগুন জ্বালাও এক সাথে’।
সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে পরে দলীয় কার্যালয়ে ফিরে যান বিএনপি নোতার। তবে পুলিশ কয়েকজন কর্মীকে পেছন দিক থেকে ‘টেনে নিয়ে যায়’ বলে অভিযোগ করেছেন তারা।
এ ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “মিছিল করতে দেয়নি। সরকার আমাদের মৌলিক অধিকার হরণ করেছে। তারা দেশটাকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে।”
সরকার এভাবে র্যাব-পুলিশ ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিরোধী দলকে দমন করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতাদের মধ্যে এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, রুহুল আলম চৌধুরী, আমান উল্লাহ, রহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার. জয়নুল আবদিন ফারুক, নজরুল ইসলাম মঞ্জু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, আবু সাঈদ খান খোকন , হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুুর রহমান বাবুল, সুলতান মাহমুদ বাবু, আবদুল লতিফ খান, জাফরুল হাসান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবেদ রাজা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির নারী নেত্রীরাও ঝটিকা মিছিল বের করে এগোতে ব্যর্থ হন। তারাও পরে দলীয় কার্যালয়ের সমানে অবস্থান নেন।
পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আমরা কোন দেশে বসবাস করছি। আমাদের মিছিল করতে দেওয়া হচ্ছে না। বিজয়ের মাসে এভাবে তারা আমাদের ওপর নির্যাতন করছে।”
“আমরা গুপ্তহত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। এই ন্যায়সঙ্গত প্রতিবাদে সরকার বাধা দিচ্ছে। এসব করে সরকার গদি রক্ষা করতে পারবে না”, যোগ করেন তিনি।
বিএনপির সহ সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “আজ পুলিশের এ রকম আচরণ পাকিস্তানি বাহিনীর শাসনকেও হার মানিয়েছে। এখানে ১৪৪ ধারা জারি করা হয়নি। তারপরও পুলিশ আমাদের গণতান্ত্রিক অধিকারের বাধা দিচ্ছে।”
গত ১৯ ডিসেম্বরও এই কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পুলিশ করতে দেয়নি। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পুলিশ ব্যারিকেডের মধ্যে সংক্ষিপ্ত সমাবেশে এই গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন মির্জা ফখরুল।
অবরুদ্ধ বিএনপি কার্যালয়
সোমবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা আড়াইটায় দলের কার্যালয়ের সামনে থেকে বিএনপির ‘গণমিছিল’ শুরুর কথা থাকলেও পুলিশ সকাল থেকেই বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখে। সামনে বসানো হয় তিন স্তরের পুলিশ বেষ্টনী।
এই বেষ্টনী অতিক্রম করে মির্জা ফখরুল সকাল ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতারাও আসতে শুরু করেন একে একে।
তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও সাংসদ আবুল খায়ের ভূঁইয়াসব বেশ কয়েকজন নিজেদের পরিচয় দিয়ে ঢুকতে চাইলেও পুলিশ তাদের ফিরিয়ে দেয়।
দুপরে বিএনপি কার্যালয়ের কাছাকাছি জলকামানের দুটি গাড়ি, প্রিজন ভ্যান ও রায়ট কার অবস্থান নেয়। রাস্তার ওপারে র্যাবের চারটি গাড়ি লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয়।
সাড়ে ৯ ঘণ্টা বিএনপি কার্যালয় ঘিরে রাখার পর বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে সরে যায় অধিকাংশ পুলিশ সদস্য। জলকামানের গাড়ি, রায়ট কার, সাঁজোয়া যান ও প্রিজন ভ্যানও সরিয়ে নেওয়া হয়।
‘৮৫ নেতা-কর্মী গ্রেপ্তার’
গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বুধবার রাজধানীতে বিএনপির ৮৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে দলটি।
সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা থানা বিএনপির সাধারণ সম্পাদক হানিফ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুর রহমান আশরাফ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুন্নী চৌধুরী মেধা, স্বেচ্ছাসেবক দল নেত্রী মিতা চৌধুরী, প্লাবন হোসেন, মহানগর উত্তর যুবদল নেতা মো. জাফর, ছাত্রদল নেতা মাসুদ, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, রিফাত, আসাদ, সুমন, মাহতাব, বরিশাল উত্তর জেলা শাখার বিএনপি নেতা শাহাবুদ্দিন, অলিউদ্দিন আকন, অধ্যাপক গোলাম কিবরিয়া, ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলনেতা দেওয়ান জাকির হোসেন, ছাত্রদল নেতা রাকিব হোসেন, আসাদুজ্জামান সম্রাট, রফিকুল ইসলাম সুজনসহ অন্তত ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর নিন্দা জানিয়ে অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭৩৪ ঘ.
bdnews24