২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধ: তৃতীয় সাক্ষীর বক্তব্য উপস্থাপন শুরু

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় দুই সাক্ষীর জেরা শেষে বক্তব্য উপস্থাপন শুরু করেছেন তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় দুই সাক্ষীর জেরা শেষে বক্তব্য উপস্থাপন শুরু করেছেন তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর দ্বিতীয় সাক্ষী রুহুল আমীন নবীনকে জেরা করেন সাঈদীর আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী। এরপর বিকেলে সাক্ষ্য দিতে শুরু করেন মিজানুর রহমান। ৫৭ বছর বয়সী মিজানুর জানান, ১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তিনি তখন পিরোজপুর শহরে ছিলেন। মে মাসের মাঝামাঝি সময়ে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে পালিয়ে পারের হাটে চলে যান। সেখানে তিনি হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ হতে দেখেন, যার নেতৃত্বে ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। মিজানুর ট্রাইব্যুনালকে জানান, মে মাসের মাঝামাঝি সময়ে একদিন সন্ধ্যায় তিনি সাইদীকে নৌকায় করে লুটের মাল নিয়ে পারেরহাটে ফিরতে দেখেছেন। এর আগে সাঈদীর আইনজীবীরা জেরায় দ্বিতীয় সাক্ষী রুহুল আমীন নবীনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। তারা বলেন, নবীন মামলা করে নিজের বড় ভাইকে এলাকা ছাড়া করেছেন। কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে আরেক ব্যক্তিকে হয়রানি করেছেন। নবীন ট্রাইব্যুনালে দাবি করেন, আইনজীবীদের এসব বক্তব্য সঠিক নয়। সাঈদীর আইনজীবীরা বলেন, নিজের বরফ কলে বিদ্যুৎ চুরির দায়ে নবীনকে একবার কারাগারেও যেতে হয়েছিল। এর জবাবে সাক্ষী বলেন, গ্রেপ্তারের বিষয়টি সঠিক, তবে ওই মামলায় তিনি খালাস পেয়েছিলেন। এ পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারক বলেন, কেউ মামলায় বেকসুর খালাস পেলে তাকে আর সেই অপরাধের জন্য দায়ী করা চলে না। সাঈদীর আইনজীবীরা একের পর এক জেরা চালিয়ে যেতে থাকলে বিচারক বলেন, এর পর থেকে আইনজীবীদের মধ্যে একজন এসে সাক্ষীকে জেরা করার সুযোগ পাবেন। অন্যরা চাইলে প্রশ্নকর্তাকে সহযোগিতা করতে পারেন, তবে সবাই জেরা করতে পারবেন না। একাত্তরে খুন, ধর্ষণ, লুটতরাজসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে সাঈদীর বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নায়েবে আমীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৭১৮ ঘ.