২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয় ঔদ্ধত্য দেখিয়েছে: ফখরুল

মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রীকে কীভাবে প্রশ্ন করার অধিকার রাখেন কিংবা তার কাছে ব্যাখ্যা চান, তা বোধগম্য নয়- বললেন বিএনপির মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধের বিষয়ে খালেদা জিয়ার কাছে ব্যাখ্যা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঔদ্ধত্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের বিবৃতি ঔদ্ধত্যপূর্ণ। একটি মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক দেশের সাবেক প্রধানমন্ত্রীকে কীভাবে প্রশ্ন করার অধিকার রাখেন কিংবা তার কাছে ব্যাখ্যা চান, তা বোধগম্য নয়। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।” টিপাইমুখ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, এখন বিরোধিতা করলেও খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এ বাঁধ নিয়ে নীরব ছিলেন। “তার (খালেদা) মতে, টিপাইমুখ বাঁধের ফলে বাংলাদেশ যদি এতই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এটি নির্মাণ করা থেকে ভারত বিরত থাকবে- মর্মে ভারতের কাছে থেকে বাধ্যবাধকতাপূর্ণ একটি অঙ্গীকার তিনি সে সময় আদায় করেননি কেন- বিষয়গুলো অনুগ্রহপূর্বক একটু স্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করবেন কি?” বলা হয় বিবৃতিতে। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির তীব্র সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত ওই সভায় তিনি বলেন, “একজন মহাপরিচালকের প্রশ্নের জবাব দিতে তিনি রাজি নন। পররাষ্ট্রমন্ত্রী যদি জানতে চাইতেন, তা-ও চলতো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩৫ ঘ.