বরিশাল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজের দরিদ্র তহবিলের টাকা বিতরণের দায়িত্ব না পেয়ে পরীক্ষার হলে ঢুকে ভাংচুর ও পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বরিশালের বাকেরগঞ্জ কলেজে রোববারের এ ঘটনার সময় কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেনকে অবরুদ্ধও করা হয় বলে অধ্যক্ষ জানিয়েছেন।
তবে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শেখ মিরাজের নেতৃত্বে ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী পরীক্ষা হলে ঢুকে পরীক্ষার উত্তরপত্র ছিঁড়ে ফেলে। ওই সময় একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল।
এ সময় কয়েকজন পরীক্ষার্থী প্রতিবাদ জানালে তাদের মারধর করেন মিরাজ ও তার সহযোগীরা।
খবর পেয়ে অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ কর্মীদের বাধা দিলে তাকে গালগাল দেন মিরাজ। পরে তারা অধ্যক্ষকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে শ্রেণীকক্ষের টেবিল-চেয়ার ভাংচুর করে।
ঘটনার সত্যতা স্বীকার করে অধ্যক্ষ অধ্যাপক মো. এনায়েত হোসেন বলেন, “এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে। এ বছর ৩১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।”
তিনি জানান, “ফরম পূরণ ফি বাবদ প্রতিবছরই কলেজের গরীব মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে কলেজের দরিদ্র তহবিল থেকে সাহায্য দেওয়া হয়। এবছরও দেওয়া হবে। কিন্তু ছাত্রলীগ তাদের মাধ্যমে সবাইকে দরিদ্র তহবিলের টাকা দেওয়ার দাবি করে।”
“কলেজের তহবিলে অর্থ খুবই সীমিত। তাই ছাত্রলীগের কাছে প্রকৃত দরিদ্র মেধাবী ছাত্রদের তালিকা চাওয়া হয়।”
এতে ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ চলমান পরীক্ষা বন্ধ করে শ্রেণীকক্ষে ভাংচুর চালায়, খাপ ছিঁড়ে ফেলে।
কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। সাধারণ ছাত্ররা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24