২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে অনাস্থা জানিয়ে খালেদার আবেদন খারিজ

জিয়া এতিমখানা মামলায় একটি রুলের শুনানিতে একটি আদালতের ওপর খালেদার জিয়ার অনাস্থা আবেদন খারিজ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা মামলায় একটি রুলের শুনানিতে একটি আদালতের ওপর খালেদার জিয়ার অনাস্থা আবেদন খারিজ হয়ে গেছে। বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ খারিজের এই আদেশ দেন। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সকালে আদালতে বলেন, এই মামলায় আসামি পক্ষের মূল আইনজীবী রফিক-উল হক অসুস্থ। মামলার প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন খোকন। আদালত সেই আবেদন নাকচ করে দিলে খালেদার আইনজীবীরা ওই আদালতের ওপর লিখিত অনাস্থা দেয়। অনাস্থার আবেদনে খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন মওদুদ আহমেদ। তিনি বলেন, এই রুলটির শুনানির জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রভাব বিস্তার করেছে। ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনেক রুল বিবেচনাধীন রয়েছে। সে সব রুল শুনানি না করে এটাকে ওপরের দিকে নিয়ে আসা হয়েছে। “তাই এই আবেদনকারী (খালেদা জিয়া) আশঙ্কা করছেন তিনি ন্যায়বিচার পাবেন না। এই কোর্টে এই রুলের শুনানি হলে তার অপূরণীয় ক্ষতি হবে,” বলেন মওদুদ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই মামলার কার্যক্রমকে বিলম্বিত করার জন্য এই আবেদন করা হয়েছে। মামলাকারী দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খানও শুনানিতে অংশ নেন। আদালত সব পক্ষের বক্তব্য শুনে অনাস্থার আবেদন খারিজ করে দেয়। খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত রুলের শুনানির জন্য ৭ ডিসেম্বর দিন রেখেছেন। খালেদার আইনজীবী মাহবুবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রফিক-উল হক অসুস্থ থাকায় আজ আপিল বিভাগে অন্য একটি মামলার শুনানি পেছানো হয়েছে, অথচ এই কোর্ট করলো না। এই কারণে আমরা অনাস্থা দিয়েছিলাম। আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছে।” এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানান তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি বাতিলে খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানের আবেদনে ২০০৯ সালের ১৫ অক্টোবর ওই মামলা কেন বাতিল হবে না, জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আদেশ দিয়েছিলো হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া এই রুল নিষ্পত্তি করতে গত অক্টোবরের শেষ সপ্তাহে দুর্নীতি দমন কমিশন আবেদন করেন। কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশের কারণে অধস্তন আদালতে মামলাটির বিচার কাজ শুরু হচ্ছে না। এই কারণে শুনানির আবেদন করা হয়। ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০২০ ঘ.