২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীরা ভয়ে পালিয়েছে, ট্রাইব্যুনালকে সাকা

ট্রাইব্যুনাল ভয় দেখানোয় আসামিপক্ষের আইনজীবীরা পালিয়ে গেছেন দাবি করে নিজেই মামলা স্থগিতের আবেদনের শুনানি শুরু করেছেন একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাইব্যুনাল ভয় দেখানোয় আসামিপক্ষের আইনজীবীরা পালিয়ে গেছেন দাবি করে নিজেই মামলা স্থগিতের আবেদনের শুনানি শুরু করেছেন একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। মঙ্গলবার তার বক্তব্য শেষ না হওয়ায় বুধবারও এ বিষয়ে শুনানির দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক। সংসদ সদস্য সালাউদ্দিনের মামলা স্থগিতের আবেদনে বলা হয়, এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে। এখানে কারো বিরুদ্ধে মামলা চলতে পারে না। তাছাড়া ট্রাইব্যুনাল নিজেও আইন মানছে না। গত ২৪ নভেম্বর এ বিষয়ে শুনানি শুরুর জন্য মঙ্গলবার দিন রাখে ট্রাইব্যুনাল। একইসঙ্গে সাকা চৌধুরীকে তার পক্ষে মামলা লড়ার জন্য ১০ জন আইনজীবীর নাম জমা দিতে বলা হয়। এই বিএনপি নেতা এতোদিন নিজেই নিজের মামলা চালিয়ে আসছিলেন। মঙ্গলবারও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত এ বিষয়ে প্রশ্ন করলে সালাউদ্দিন কাদের হাত দুলিয়ে বলেন, “ওরা পালিয়ে গেছে। আপনি এমন ভয় দেখিয়েছেন যে ওরা আর এদিকে আসবে না। একজনের বিরুদ্ধে তো মামলাই করে দিয়েছেন। এখন বেচারা জামিনের জন্যে ছুটে বেড়াচ্ছে।” নিজেই নিজের শুনানি করবেন জানিয়ে তিনি বলেন, “আমি কবে থেকেই বলে আসছি আমি আইনজীবী চাই না। কিন্তু উকিল ছাড়া আমার একটা আবেদন পর্যন্ত গ্রহণ করেননি। তাই আমি বাধ্য হয়েছি উকিল নিয়োগ দিতে। আমিতো উকিল চাই না।” এ পর্যায়ে বিচারপতি নিজামুল হক বলেন, “আপনি ৫০ জন আইনজীবী নিয়োগ দেওয়ার কথা বললেও তাদের আদালতে দেখা যাচ্ছে না কেন।” জবাবে সাকা চৌধুরী অভিযোগ করেন, তার ৩৫ জন আইনজীবী আদালতে ঢুকতে চাইলেও তাদের বাধা দেওয়া হয়েছে। সাকা আদালতকে বলেন, “হাত-পা বেঁধে তো সাঁতার কাটানো যায় না স্যার!” এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলে, “মিস্টার চৌধুরী, এটা আদালত। ঠাট্টা তামাশার জায়গা নয়। আমরা কীভাবে তাদের ঠেকালাম?” সালাউদ্দিন কাদের তার মামলা স্থগিতের আবেদনের পক্ষে বক্তব্য উপস্থাপনের এক পর্যায়ে আদালত জানতে চায়, মঙ্গলবার তার বক্তব্য শেষ হবে কি না। সালাউদ্দিন আরো ঘণ্টা তিনেক সময় প্রয়োজন বলে জানালে ট্রাইব্যুনালের কার্যক্রম বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাঈদী ও সাকা চৌধুরী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৫৫০ ঘ.