সিলেট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ নিয়ে সংসদে ও সংসদের বাইরে আলোচনায় বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা শমসের মুবিন চৌধুরী।
রোববার দুপুরে টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “শুধু টিপাইমুখ নয়, দেশের স্বার্থে সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপে সহযোগিতা দেবে বিএনপি। তবে সেক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে।”
সভায় অন্যদের মধ্যে সাবেক হুইপ ও সুনামগঞ্জ বিএনপির সভাপতি ফজলুল হক আসপিয়া, মৌলভীবাজার বিএনপির সভাপতি নাসের রহমান, হবিগঞ্জ বিএনপির সভাপতি জিকে গৌছ প্রমুখ উপস্থিত ছিলেন।
শমসের মুবিন অভিযোগ করে বলেন, “বিএনপি টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারে সঙ্গে আলাপ আলোচনা করতে চায়। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি।”
টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে দু’দেশের বিশেষজ্ঞদের যৌথ সমীক্ষার বিষয়ে বিএনপির আহ্বানে ভারত রাজি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯১০ ঘ.
bdnews24