ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে দুর্ঘটনায় গত দুই বছরে সাত হাজার সাতশ’ ৪৪ জন মারা গেছে।
রোববার সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে যোগাযোগন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান।
সড়ক দুর্ঘটনায় নিহতের এ হিসাবের সময়কাল ২০০৯ সাল থেকে গত অক্টোবর পর্যন্ত।
মন্ত্রী জানান, এই সময়ে আট হাজার চারশ’ ৪৯টি দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে আবুল হোসেন বলেন, নিরাপদ চলাচলের লক্ষ্যে সারা দেশে মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপিত বাজারগুলো অপসারণের পরিকল্পনা আছে।
‘
আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিচার হবে’
সংসদ সদস্য আমিনা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিআরটিএ’র আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করা হবে।
তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আত্মস্বীকৃত সাত জন দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পাঁচ জনকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা (ওএসডি) হিসেবে বিআরটিএ’র সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্য দুই জন কর্মকতার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
“এই সাত জনের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে”- বলেন তিনি।
এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কয়েকজন কর্মকতা ও কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু করা হয়েছে এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান যোগাযোগমন্ত্রী।
সড়ক পরিস্থিতি
অন্য এক সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ সরকারের আমলে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জরুরি ভিত্তিতে সারাদেশে মোট ৩৯টি রাস্তা সংস্কার করা হয়েছে। এতে ব্যয় হয়েছে চারশ’ ৪০ কোটি ২৯ লাখ টাকা।
এবিএম আবুল কাশেমের প্রশ্নের জবাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প ২০১৩ সালের নভেম্বরের মধ্যে শেষ হবে বলে উল্লেখ করেন সৈয়দ আবুল হোসেন।
এ সময় ঢাকা-চট্টগাম মহাসড়কে বর্তমানে সুষ্ঠুভাবে যান চলাচল করছে বলেও দাবি করেন তিনি।
মো. আবু তালহার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সওজ অধিদপ্তরের আওতায় উন্নয়ন খাতে একশ’ ৫২টি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের জন্য চলতি অর্থবছরে এক হাজার আটশ’ ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি জানান, এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারি অর্থায়নে নির্মাণের জন্য বরাদ্দবিহীনভাবে একশ ১২টি নতুন প্রকল্প এবং বৈদেশিক সাহায্য পাওয়া সাপেক্ষে ৩৮টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত তিন অর্থ-বছরে সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণে মোট ব্যয় হয়েছে এক হাজার ৭৫১ কোটি ১৬ লাখ টাকা। এই কাজের উন্নয়ন ব্যয় পাঁচ হাজার ২২ কোটি ২৯ লাখ টাকা।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকালে সংসদের অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২১১৪ ঘ.
bdnews24