২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখে বাঁধ: সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ভারতের বরাক নদীর টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

সিলেট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বরাক নদীর টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বলেন, “টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সরকার কি করলো- না করলো তা না দেখে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জীবন দিয়ে, রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এ জন্য দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, নাসিম হোসাইন ও আজমল বখত চৌধুরী সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু হলো। গত মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির সংবাদ সম্মেলনে সাত দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির শেষ দিন ১ ডিসেম্বর সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করবে বিএনপি। এছাড়া ২৬ নভেম্বর সিলেটের সব উপজেলা ও থানায় বিক্ষাভ মিছিল ও সমাবেশ; ২৭ নভেম্বর সিলেট শহরে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি এবং ২৮ নভেম্বর স্বেচ্ছাসেবক দল, ২৯ নভেম্বর যুবদল ও ৩০ নভেম্বর বিএনপির উদ্যোগে নগরীতে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯০৩ ঘ.