২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম চাপিয়ে দেওয়া নয়, নির্ভুল: ছহুল

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ‘চাপিয়ে দেওয়ার’ অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, প্রযুক্তিগতভাবে নির্ভুল হওয়ার কারণেই এ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ‘চাপিয়ে দেওয়ার’ অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, প্রযুক্তিগতভাবে নির্ভুল হওয়ার কারণেই এ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন কোনো কিছু চাপিয়ে দেয়নি। বরং ইভিএম ব্যবহার সহজতর করতে জনসচেতনতা গড়ে তোলা হচ্ছে।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন, ‘বিতর্কিত’ ইভিএম নির্বাচন কমিশন চাপিয়ে দিচ্ছে। এর জবাবে ছহুল হোসাইন আশা প্রকাশ করেন, বিএনপিসহ বিরোধীতাকারী সবাই ইভিএমের বিষয়ে সচেতন হবে। “ইভিএম ব্যবহারে অতীতেও সফল হয়েছি, এবারো হবো”, বলেন তিনি। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে এবং গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জে ৯টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করে কমিশন। আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ৬৫ কেন্দ্রের সবগুলোতেই ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। এর বিরোধিতা করে বিএনপি এরইমধ্যে কুমিল্লার নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে ছহুল বলেন, “এটি তাদের রাজনৈতিক বক্তব্য। সিটি কর্পোরেশন নির্দলীয় নির্বাচন। তাই দলের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।” ‘প্রচারে কমতি হবে না’ নারায়ণগঞ্জের অভিজ্ঞতা থেকে কুমিল্লা নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য এখন থেকেই প্রচার শুরু করেছে নির্বাচন কমিশনার। ছহুল হোসাইন বলেন, “নারায়ণগঞ্জে ইভিএম নিয়ে প্রচারে ঘাটতি ছিল বলে অনেকে জানিয়েছেন। এবার আর কমতি হবে না। প্রথম থেকেই গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে, ভোট কেন্দ্রে, প্রতিটি এলাকায় প্রামাণ্যচিত্র, প্রচারপত্র ও মহড়া ভোটের ব্যবস্থা করা হচ্ছে।” ইভিএম নিয়ে প্রায় ৩০ হাজার প্রচারপত্রও বিলি করা হবে বলে জানান তিনি। “আমরা এমনভাবে প্রচার চালাবো, যাতে প্রতিটি ভোটারের কাছে তা পৌঁছে। সবাই ইভিএম ব্যবহারের খুঁটিনাটি জানতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত তিনটি স্পটে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে ভোটারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে”, বলেন ছহুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭৩৪ ঘ.