২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-১ আসন: আপিলে যাবে ইসি

চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে প্রকাশিত গেজেট প্রত্যাহারে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে প্রকাশিত গেজেট প্রত্যাহারে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা কমিশনের এ অবস্থানের কথা জানান। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ বলেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট প্রকাশ আইনগত কর্তৃত্ববহির্ভূত। ওই গেজেট প্রকাশের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি নির্দেশও দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ বিষয়ে আপিল করবো।” চাঁদপুর-১ আসনে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি নেতা আ ন ম এহছানুল মিলনকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তবে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আলমগীরের প্রার্থিতা বাতিল করে গত বছরের ২২ সেপ্টেম্বর ওই আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাইকোর্টের অন্য একটি আদেশের বলেই ইসি ওই সিদ্ধান্ত নেয়। তবে এর মধ্যেই উচ্চ আদালত বাতিল করে আওয়ামী লীগের এ নেতার সাজার আদেশ। মহীউদ্দীন আলমগীরের আবেদনে ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ওই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট প্রকাশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দেয়। ওই আবেদনেই বৃহস্পতিবার হাইকোর্টের রায় হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৪০ ঘ.