২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাইয়ের মধ্যে আ. লীগের তৃণমূলের সব সম্মেলন’

আগামী জুলাইয়ের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সব ইউনিটের সম্মেলন শেষ হবে বলে জানিয়ছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুলাইয়ের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সব ইউনিটের সম্মেলন শেষ হবে বলে জানিয়ছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দলটির কর্মপরিকল্পনা অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে, এপ্রিলের মধ্যে উপজেলা, থানা ও পৌরসভা ইউনিটের এবং জুলাইয়ের মধ্যে জেলা ইউনিটের সম্মেলন শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভা শেষে এসব তথ্য জানান সৈয়দ আশরাফ। সংশোধিত সংবিধান অনুযায়ী সংসদে বর্ধিত পাঁচটি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঠিক করার লক্ষ্যে ডাকা এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়নে আগ্রহীদের কাছে আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হবে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হবে। প্রতিটি মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। সৈয়দ আশরাফ বলেন, মনোনয়ন চূড়ান্ত করতে আগামী ২৬ নভেম্বর পুনরায় সংসদীয় বোর্ডের সভা হবে। পাঁচের অধিক মনোনয়ন প্রত্যাশী হলে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বৈঠকে আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ এবং সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএমইউ/এএইচ/পিডি/০০৩২ ঘ.