২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: ‘সরকারের নিষ্ক্রিয়তা দুর্ভাগ্যজনক’

ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণে এগিয়ে চললেও সরকার এক্ষেত্রে ‘নিশ্চুপ’ ভূমিকা পালন করছে দাবি করে এ বিষয়টিকে জনগণের জন্য ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণে এগিয়ে চললেও সরকার এক্ষেত্রে ‘নিশ্চুপ’ ভূমিকা পালন করছে দাবি করে এ বিষয়টিকে জনগণের জন্য ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “টিপাইমুখ বাঁধ নির্মাণে বাংলাদেশের ক্ষতি হবে জেনেও ভারতের রাজ্য সরকার তা নির্মাণে কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ফেলেছে। আমাদের সরকার এখন পর্যন্ত এর প্রতিবাদ করছে না, এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যের।” বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শনিবার প্রকাশ করে বিবিসি। পরিবেশ বিষেশজ্ঞরা বলছেন, এ বাঁধ বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। ভারতের কেন্দ্রীয় সরকার বলে আসছিলো, বাংলাদেশের ক্ষতি হয়, এমন কিছু তারা করবে না। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, ভারত একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণের চুক্তি করে বাংলাদেশের তিন কোটি মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ ওয়াটার ম্যানেজমেন্ট সার্ভের তথ্য তুলে ধরে তিনি বলেন, “ওই জরিপে বলা হয়েছে, টিপাইমুখ বাঁধ হলে সিলেট ও কিশোরগঞ্জের হাওরের ৫০ শতাংশ পানি কমে যাবে। এতে লবণাক্ততা বেড়ে দেশের পূর্বাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হবে।” বর্তমান সরকার ‘নতজানু’ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, “আমরা দরকাষাকষির বিষয়গুলো আগেই ভারতকে দিয়ে দিয়েছি। ট্রানজিট, করিডোর ও সমুদ্র বন্দর ব্যবহারের সুবিধা ইতোমধ্যে তারা নিয়ে গেছে। ফলে টিপাইমুখ বাঁধ নিয়ে দরকষাকষির কোনো অস্ত্রই বাংলাদেশ সরকারের হাতে নেই।” মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল। জাতীয় প্রেসক্লাবে অন্য এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই ভারত বাংলাদেশকে তাদের একটি রাজ্য মনে করছে। সেজন্য টিপাইমুখ বাঁধ নির্মাণে তারা বাংলাদেশের জনগণের বিষয়টি মূল্যায়নে আনেনি।” বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আলোচনায় বক্তব্যে মওদুদ আরো বলেন, “ভারত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীর পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। উজানে তারা টিপাইমুখ প্রকল্পের মতো ১২টি ব্যারেজ ও বাঁধ নির্মাণ করে স্বাভাবিক পানি প্রবাহের পথ রুদ্ধ করে ফেলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯২৪ ঘ.