ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি খবরের প্রতিবাদ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ।
মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা (সহকারী কমিশনার) এস এম আশরাফ উজ্জামান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিশনার বেনজির আহমেদকে উদ্ধৃত করে প্রকাশ করা খবর ঠিক নয়। তিনি এ ধরনের কোনো কথা বলেননি।
এর আগে বেনজির আহমেদকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানান, গোয়েন্দা পুলিশ শুক্রবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাহফুজ নামের একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ নামে আরেকজনকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
লিটন আরো জানান, এ মামলায় এর আগে গ্রেপ্তার করা আশরাফুল সরকারকে জিজ্ঞাসাবাদ করে মাহফুজের তথ্য পাওয়া যায়। আশরাফুল বলেছেন, মাহফুজের গুলিতেই নিহত হয়েছেন লোকমান।
এ বিষয়ে জানতে চাইলে লিটন হায়দার বলেন, "বেনজির আহমেদ আমাকে অব দ্য রেকর্ড বললে আমি তার বক্তব্য প্রকাশ করতাম না। উনি এসব কথা বলেছেন বলেই আমি তা প্রকাশ করেছি।"
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/০০৩৮ ঘ.
bdnews24