২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমানের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি পুলিশের

পুলিশ বলছে, ঢাকা থেকে গ্রেপ্তার করা মাহফুজের গুলিতেই নিহত হন নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 09:40 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজনের গুলিতেই লোকমান নিহত হন বলে পুলিশের ধারণা। ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশ শুক্রবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাহফুজ নামের একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ নামে আরেকজনকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "এ মামলায় এর আগে গ্রেপ্তার করা আশরাফুল সরকারকে জিজ্ঞাসাবাদ করে মাহফুজের তথ্য পাওয়া যায়। আশরাফুল বলেছে, মাহফুজের গুলিতেই নিহত হয়েছেন লোকমান। আমরা তার বক্তব্য যাচাই বাছাই করে দেখছি।" গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকার ছাড়াও সেলিম ও মাসুদুর রহমান টিপন নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার দুই নম্বর আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিন সরকারকে বৃহস্পতিবার নোয়াখালী থেকে গ্রেপ্তার করার কথা শোনা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮০০ ঘ.