২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনায় 'স্থির হওয়ার' আহ্বান আশরাফের

প্রধানমন্ত্রীর সঙ্গে 'দূরত্ব' সৃষ্টি হওয়ায় পদত্যাগের 'গুজব' ওঠার প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সঙ্গে 'দূরত্ব' সৃষ্টি হওয়ায় পদত্যাগের 'গুজব' ওঠার প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, "বাঙ্গালী জাতি ধীর স্থির অবস্থায় থাকি না। একটা সরকার আসার পর বৈধ ও অবৈধ পথে সরকারকে উৎখাত করতে চাই। এভাবে, সোনার বাংলা হবে না।" "আগামী নির্বাচনে ইনশাল্লাহ যদি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ধারাবাহিকতা রক্ষা করতে পারব। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবো", যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ। যুক্তরাষ্ট্রের বাংলা ভাষার সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড গত ১৪ নভেম্বর খবর দেয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতপার্থক্যের কারণে আশরাফ দলীয় ও মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আশরাফ নিজে এ বিষয়ে কোনো বক্তব্য না দিলেও আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিষয়টিকে 'অসত্য ও বানোয়াট খবর' বলে উড়িয়ে দেন। আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে কথিত দূরত্ব নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনার মধ্যে শনিবার প্রধানমন্ত্রীকে পুননির্বাচিত করার আহ্বান জানিয়ে দৃশ্যতঃ দূরত্ব ঘোঁচানোর উদ্যোগ নিলেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "একটা ভঙ্গুর অবস্থা নিয়ে আমাদের সমবায় কার্যক্রম শুরু হয়। সব কিছু ছিলো ধ্বংসপ্রাপ্ত। ওই সরকারের মূল মন্ত্র ছিলো লুটপাট আর লুটপাট।" মন্ত্রী জানান, বিগত সরকারের সময়ে নরসিংদীতে একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র করা হয়। কিন্তু সেখানে গাভী বা দুধ কোনোটাই ছিল না। "আমরা সেটাকে আবার সরিয়ে এনেছি, যেখানে দুধ পাওয়া যায়।" বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির ওই সময়ে মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া নরসিংদী এলাকা থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "বিএনপির সময় এই মন্ত্রণালয় ছিলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। এখন আর তা নেই। শেখ হাসিনার নির্দেশে আমরা এই মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করছি। ভঙ্গুর সমবায় ব্যবস্থাকে আবার ঠিক করছি।" নিজের যুক্তরাজ্যে থাকার অভিজ্ঞতা তুলে ধরে অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, "তারা জাতি গঠনে কাজ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, জাতির পিতাকে হত্যার সঙ্গে সঙ্গে, জাতিসত্ত্বা ধ্বংসের সাথে সাথে সকল কিছু ধ্বংস করা হয়।" পাম ও সয়াবিন তেল ব্যবহারের বদলে আবার সরিষার তেল ব্যবহারে ফেরার জন্য সরিষার উৎপাদন বাড়ানোরও আহবান জানান তিনি। সমবায় দিবস উপলক্ষে এবার সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সমবায় মেলার আয়োজন করেছে সরকার। ঢাকায় এ মেলার আয়োজন করা হয়েছে পিডব্লিউডি মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩৪৯ ঘ.