২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শান্তিচুক্তির বিরোধী নয় ইউপিডিএফ'

জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তি চুক্তির পর গড়ে ওঠা পাহাড়িদের এ সংগঠনটির কয়েকজন নেতা এখন বললেন, গণমাধ্যমই তাদের চুক্তিবিরোধী বানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

রাঙামাটি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠন হিসেবে পরিচিতি পাওয়া পাহাড়িদের সংগঠন ইউপিডিএফের একাধিক নেতা দাবি করেছেন, তারা কখনোই এ চুক্তির বিরোধী ছিলেন না। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফে কেন্দ্রীয় নেতা অলকেশ চাকমা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে ইউপিডিএফ কোনো দিনই বিরোধিতা করেনি। "ইউপিডিএফের পক্ষ থেকে পার্বত্য শান্তি চুক্তি না মানার কথা বলা হয়নি। মিডিয়া ইউপিডিএফকে চুক্তিবিরোধী বানিয়েছে," বলেন তিনি। তবে ১৯৯৭ সালের ডিসেম্বরে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তিটি 'অসম্পূর্ণ' বলে মনে করে ইউপিডিএফ। অলকেশ বলেন, "পার্বত্য জনগণের যেটুকু অধিকার পাওয়ার কথা, সেই অধিকার চুক্তিতে আসেনি।" বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কয়েক বছর পর পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের জাতিসত্ত্বার সাংবিধানিক অধিকারের দাবিতে সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ দলের সশস্ত্র শাখা হিসেবে মানবেন্দ্রের ভাই সন্তু লারমার নেতৃত্বে গঠিত হয় শান্তিবাহিনী। সত্তর দশকের শেষ দিকে শুরু হওয়া সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শান্তি চুক্তির পর শান্তিবাহিনী অস্ত্র সমর্পণ করে। শান্তি চুক্তির পরপরই জনসংহতি সমিতিতে বিরোধ দেখা দেয়। দলটির সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণ পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের এক দল নেতা এ চুক্তির বিরোধিতা করে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর গড়ে তোলেন ইউপিডিএফ। এরপর অনেকবারই চুক্তির বিরোধিতা করে ইউপিডিএফ নেতাদের বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এরপর জনসংহতি সমিতি ও ইউপিডিএফের সংঘাতে পাহাড়ে অনেক রক্তও ঝরেছে। অলকেশ বলেন, তারা পার্বত্য গণমানুষের ভূমি অধিকারসহ অন্যান্য অধিকারের জন্য গণতান্ত্রিক আন্দোলন করছেন। ইউপিডিএফের রাঙামাটি জেলার মুখপাত্র ও গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তিটি অসম্পূর্ণ হলেও জনগণের মঙ্গলের জন্য চুক্তি বাস্তবায়নে যা যা সহযোগিতা প্রয়োজন, তা করতে আমরা প্রস্তুত রয়েছি।" তিনি বলেন, "পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হোক- ইউপিডিএফ তা কোনোদিনই চায়নি এবং চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের বাধাও দেয়নি," বলেন তিনি। "তবে পার্বত্য মানুষের ভূমি অধিকার ফিরে পাওয়াসহ অন্যান্য অধিকার চুক্তিতে স্পষ্টভাবে উঠে না আসায় আমরা চুক্তিটি অগ্রহণযোগ্য ও সমর্থন দিতে পারিনি," যোগ করেন মাইকেল। ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে গণপ্রার্থনা পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ কামনা করে ইউপিডিএফের উদ্যোগে রাঙামাটিতে শুক্রবার গণপ্রার্থনা হয়েছে। পার্বত্য দলগুলোর তথ্য মতে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের পর সেখানকার পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে কমপক্ষে ৩৬৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ১৯৯ জন, ইউপিডিএফের ১৪০ জন এবং সুধাসিন্ধু ও রূ"পায়নের নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (এমএন লারমা) ২৬ জন নেতাকর্মী ও সমর্থক। ইউপিডিএফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণপ্রার্থনা ছাড়াও সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধপূজা, সহস্র প্রদীপ প্রজ্জ্বলনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণপ্রার্থনা থেকে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২০৫৮ ঘ.