চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সভাপতি দেলোয়ার হোসেনসহ দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) চেয়েছে পুলিশ।
এই আবেদনের ওপর শুনানির জন্য রোববার দিন রেখে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম মো. জসিম উদ্দিন।
চট্টগ্রাম আদালত পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
শিবিরের চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সভাপতি দেলোয়ার এবং প্রকাশনা ও প্রচার সম্পাদক মো. ইসমাইলকে শনিবার আদালতে হাজির করে গত ২৭ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ দিনের রিমান্ড চায় ডবলমুরিং থানা পুলিশ। বিচারক এ বিষয়ে শুনানির জন্য রোববার তাদের আবার আদালতে হাজির করতে বলেন।
ওই দুই জনকে ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরে পুলিশের ওপর আরেকটি হামলার ঘটনাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ডবলমুরিং থানার ওসি রফিকুল ইসলাম।
শুক্রবার জুমার নামাজের পর ধনিয়ালা পাড়ায় বায়তুশশরফ মাদ্রাসার সামনে থেকে দেলোয়ার ও ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি রফিক শুক্রবার বলেন, "ডবলমুরিং ও পাঁচলাইশ থানার দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।"
চট্টগ্রামের মুরাদপুরে গত ১৯ সেপ্টেম্বর জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আবদুল মান্নানসহ চার পুলিশ সদস্য আহত হয়।
ওই ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/১৯১৫ ঘ.
bdnews24