মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরকারের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতির পরিবর্তনসহ একগুচ্ছ সংস্কার প্রস্তাব দিয়ে যাবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত আইন-বিধি প্রণয়ণের চূড়ান্ত সুপারিশ সংশি¬ষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। এর আগে কারো কোনো মতামত থাকলে তা ইসির কাছে তা তুলে ধরতে পারেন।"
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে পাওয়া মতামতের ভিত্তিতে এসব সংস্কার প্রস্তাব অনেকটাই চূড়ান্ত করা হয়েছে।
"তবে এসব সুপারিশ সংসদে তোলা হবে কি না সে সিদ্ধান্ত সরকারই নেবে", যোগ করেন তিনি।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র"য়ারিতে।
চলতি বছরের ৭ জুন থেকে ৭ অগাস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরো সংস্কার, সিইসি ও ইসি নিয়োগ পদ্ধতি এবং নির্বাচনী প্রচারের ব্যয় (জনতহবিল) আইন, সীমানা নির্ধারণ আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।
বিরোধী দল বিএনপি সংলাপে না গেলেও আইন সংস্কারে বিষয়ে বিরোধিতা করে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানায়, দলীয় সভানেত্রীর সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত জানাবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে প্রধান নির্বাচন কমিশনারসহ সর্বোচ্চ ৫ সদস্যের ইসি গঠনের কথা বলা হলেও একজন নারীসহ তিন সদস্যের নির্বাচন কমিশনার নিয়োগের বিধান করতে বলেছিল বর্তমান কমিশন।
এ কারণে বর্তমান সংবিধানের আলোকে 'প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন-২০১১' নামে একটি খসড়া তৈরি করেছে ইসি।
এতে বলা হয়েছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্ভাব্যদের একটি প্যানেল তৈরি করবে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি)। ওই কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করবে। পরে সংসদের কার্যউপদেষ্টা কমিটি (সরকার ও বিরোধী দলের সমন্বয়ে) তা পরীক্ষা করে বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে।
ইসি মনে করে, সংবিধানে ৫ জন কমিশনার রাখার সুযোগের কথা বলা হলেও তিন জন থাকাই ভালো। কমিশনের সদস্য বেশি হলে সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়।
এছাড়া নির্বাচনী ব্যয় ও জামানতের টাকা বাড়ানো, হলফনামায় তথ্য গোপনে প্রার্থিতা বাতিল, নির্বাচনী কর্মকর্তাদের শাস্তির বিধান এবং দলীয় প্রধানের নির্বাচনী খরচসহ ছয়টি বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নতুন বিধান ও সংশোধনী আনার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।
এতে প্রার্থীদের জামানতের অর্থ ১০ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করার প্রস্তাব করা হয়েছে। আর নির্বাচনী ব্যয়সীমা ১৫ লাখ থেকে বাড়িয়ে করতে বলা হয়েছে ২৫ লাখ টাকা।
এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, "সবার অংশগ্রহণে ইসি গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত নিয়োগ পদ্ধতি আইনে। আমরা আইনটি সরকারের কাছে পাঠাবো। বাকিটা উনারা দেখবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩৩৯ ঘ.
bdnews24