২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা মিল্টন হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

রাজধানীতে বিএনপি নেতা ও কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী আব্দুল বাকি মিল্টন হত্যায় জড়িত সন্দেহে দুই জন গ্রেপ্তার হয়েছে। পুলিশের ধারণা, জমি নিয়ে বিরোধের জেরেই খুন হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বিএনপি নেতা ও কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী আব্দুল বাকি মিল্টন হত্যায় জড়িত সন্দেহে দুই জন গ্রেপ্তার হয়েছে। পুলিশের ধারণা, জমি নিয়ে বিরোধের জেরেই খুন হন তিনি। পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মো. হাবিবুন নবী আনিসুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে মিল্টনের বন্ধুরাই জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর পুলিশ বৃহস্পতিবার ভোরে শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালায়। এ সময় মো. মামুন ও মন্টু কিসিঞ্জার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। "জিজ্ঞাসাবাদে তারা নিজেরা জড়িত থাকার কথা অস্বীকার করলেও বলেছে, কাশেম নামে আরেকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরেই মিল্টনকে খুন করা হয়।" হত্যাকাণ্ডের সময় কাশেমসহ পাঁচ থেকে ছয়জন মিল্টনের মালিকানাধীন শেরেবাংলা নগর কেবল নেটওয়ার্কের কার্যালয়ে উপস্থিত ছিল জানিয়ে আনিস বলেন, "এদের মধ্যে তিনজন ছিল, যারা পেশাদার সন্ত্রাসী হয়ে থাকতে পারে।" গত বুধবার সকালে পুলিশ আগারগাঁও ওই অফিস থেকেই মিল্টনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। কাশেমকে শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে- এমন আশা প্রকাশ করে পুলিশ কর্মকর্তা আনিস বলেন, "তাকে গ্রেপ্তার করা গেলেই হত্যাকাণ্ড সম্পর্কে আরো অনেক তথ্য জানা যাবে।" এদিকে সকালে মামুনকে গ্রেপ্তার করার পর দুপুরে তাকে শেরেবাংলা নগর থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়। মামুন সাংবাদিকদের কাছে দাবি করেন, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেখানে কাশেম ছাড়াও তার ভাই মোতালেব, মন্টু কিসিঞ্জারসহ অরো কয়েকজন ছিল। রাত ১১টার দিকে কাশেম তাকে ওই অফিস থেকে বের করে দেয় দাবি করে মামুন বলেন, "এর আধাঘণ্টা পর কাশেম আমাকে ফোন করে জানায়, মিল্টন শেষ।" মিল্টনের অফিসে সন্দেহজনক কিছু দেখেছিলেন কি না জানতে চাইলে মামুন বলেন, আগারগাঁওয়ের একটি জমি নিয়ে কাশেম ও মিল্টনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেদিনও দুজনের মধ্যে কথাকাটাকাটি করতে দেখেন তিনি। তবে এই হত্যায় নিজে জড়িত ছিলেন না দাবি করে মন্টু বলেন, ঘটনার দিন তিনি মিল্টনের অফিসে গেলেও রাত ৮টার দিকে বের হয়ে যান। পুলিশ জানায়, একটি অস্ত্র মামলায় ১৭ বছর সাজাভোগের পর গত বছর কারাগার থেকে মুক্তি পান মন্টু। তেজগাঁও জোনের সহকারী কমিশনার আনিস এ সময় সাংবাদিকদের জানান, বেশ কিছু দিন আগে আগারগাঁও এলাকায় কাশেমের আত্মীয়ের বেদখল হওয়া কিছু জমি মিল্টন উদ্ধার করে দেন। উদ্ধার করার আগে ওই জমির একজন অংশীদার হিসাবে মিল্টনের নামও রেজিস্ট্রি করা হয়। কিন্তু পরে ৭০ লাখ টাকায় ওই জমির মালিকানা আরেকজনের কাছে বিক্রি করে দিতে চান মিল্টন। একজন ক্রেতাও ঠিক করেন তিনি। কিন্তু ওই জমির দাম দেড় কোটি টাকা- এই দাবিতে কাশেম তাতে আপত্তি তোলেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল বলে আনিস জানান। তিনি বলেন, "গ্রেপ্তার দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে আরো অনেক তথ্য জানা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮৩৯ ঘ.