২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৯০-এর আন্দোলন ব্যক্তির বিরুদ্ধে ছিল না: হানিফ

আওয়ামী লীগনেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, '৯০ এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং তৎকালীন সরকারের বিরুদ্ধে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগনেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, '৯০ এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং তৎকালীন সরকারের বিরুদ্ধে ছিল। বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ আগে বিএনপির নেতাকার্মীরা সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়। সে সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান আওয়ামী লীগের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, "শহীদ নূর হোসেনের হত্যাকারীর সঙ্গে জোট বেঁধে বর্তমান ক্ষমতাসীন সরকার [দেশ] চালাচ্ছে।" সাংবাদিকরা আমানের বক্তব্যের প্রতি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, " '৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে, কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। সে সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান যেমন সঠিক ছিল, তেমনি বর্তমান সময়ের প্রেক্ষাপটেও আওয়ামী লীগের অবস্থান সঠিক রয়েছে বলে আমি মনে করি।" ১৯৮৭ সালের এই দিনে এইচ এম এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর 'জিরো পয়েন্টে' পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। তারপর থেকে ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নামকরণ হয় নূর হোসেন চত্বর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কাস পার্টি, শহীদ নূর হোসেন সংসদ, গণতান্ত্রিক বাম মোর্চাসহ বিভিন্ন রাজনৈতিক দল নূর হোসেন চত্বরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২২৩৫ ঘ.