ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যূদয়ের বিষয়টি কার্যত নাকচ করে বিএনপির মিত্র দল এলডিপির সভাপতি অলি আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধে রাজনীতিকদের কোনো ভূমিকাই ছিলো না।
অবসরপ্রাপ্ত কর্নেল অলি শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'সচেতন নাগরিক সমাজ' নামে একটি সংগঠন আয়োজিত 'মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ' শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠানে এ কথা বলেন।
নিজেকে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে প্রথম বিদ্রোহ ঘোষণাকারী এবং জিয়াউর রহমানকে 'মুক্তিযুদ্ধের ঘোষক' আখ্যায়িত করে তিনি বলেন, "শেখ মুজিব মুক্তিযুদ্ধের জন্য মানুষকে অনুপ্রাণিত করেছিলেন, তৈরি করেছিলেন; কিন্তু যুদ্ধ শুরু হলে তিনি ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দি। ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর বাঙালি অফিসাররা যুদ্ধ পরিচালনা করেছেন।"
১৯৭১ সালে মুজিবনগরে অস্থায়ী সরকারের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছিলো। তারই অধীন সশস্ত্র বাহিনীর একটি অংশ ছিলো সেনাবাহিনী।
অলি বলেন, "অস্থায়ী সরকার, তাও ছিলো শুধু কাগজে কলমে। পুরো যুদ্ধে রাজনীতিবিদদের কোনো ভূমিকা ছিলো না।"
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে 'যুদ্ধাপরাধীদের দল' আখ্যায়িত করা ঠিক হবে না বলে মন্তব্য করেন অলি, যিনি এক সময় জামায়াতের সঙ্গে জোট বাঁধা নিয়ে আপত্তি তুলে ধরেই বিএনপি ছেড়েছিলেন।
অলি বলেন, "একটা দলের এক-দুইজন যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, তাই বলে পুরো দলকে যুদ্ধাপরাধী বলা যাবে না। এমনকি আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী রয়েছে, মন্ত্রীসভাতেও।"
যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দাবিতে খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "আসলে উনি (খালেদা জিয়া) বলতে চেয়েছেন, প্রতিশোধপরায়ণ না হয়ে নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১২১৫ ঘ.
bdnews24