২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরের কারণে সংসদ ভবনের নকশা নষ্ট হয়নি: ফখরুল

জিয়াউর রহমানের কবরের কারণে সংসদ ভবনের সৌন্দর্যহানি ঘটেছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের কবরের কারণে সংসদ ভবনের সৌন্দর্যহানি ঘটেছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৃহস্পতিবার সংসদ ভবনের লেকের ওপারে জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, "জনগণের চাওয়া অনুযায়ী জিয়উর রহমানকে এখানে সমাহিত করা হয়েছে। এ কারণে সংসদ ভবনে মূল নকশার কোনো ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রী জাতিকে সঠিক তথ্য দেননি।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, সংসদ ভবনের মূল নকশার বড় ধরনের ক্ষতি বিএনপির সময়ে হয়েছে। সংসদ ভবন এলাকায় ক্রিসেন্ট লেকের ওপর সেতু তৈরি এবং তার আগে জিয়াকে কবর দেওয়ার কথা বলেন তিনি। ফখরুল বলেন, "জিয়াউর রহমানের সঙ্গে এদেশের মানুষের আবেগ, অনুভূতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব জড়িত রয়েছে। লুই কানের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখেই মাজার হয়েছে।" জাতীয়তাবাদী যুবদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে সকালে জিয়ার কবরে ফুল দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। বিএনপির যুব সংগঠন যুবদল ১৯৭৮ সালে গঠিত হয়। ফুল দেওয়ার সময় ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ। বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে ফখরুল বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে সরকার আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না। যুদ্ধাপরাধীদের আওয়ামী লীগই মাফ করে দিয়েছিলো। এখন তারা এই বিচারের নামে প্রহসন করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৬ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স সংসদ ভবনের নকশা নষ্ট করেছে বিএনপি: হাসিনা