ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে রোড মার্চ কর্মসূচির পর 'ঢাকা চলো' কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সমানে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, "আমাদের নেত্রী সরকারকে হটানোর আন্দোলনে রাস্তায় নেমেছেন। চট্টগ্রামের রোড মার্চ শেষ হলে তিনি 'ঢাকায় চলো' কর্মসূচি দেবেন। ওই কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।"
স্বাধীনতা ফোরামের উদ্যোগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের দাবিতে এ মানববন্ধন করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলের জনসভা থেকে খালেদা জিয়া ২৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করলেও পরে তা স্থগিত করা হয়। তবে গত রোববার দলের নেতাদের সঙ্গে কথা বলে জানুয়ারির প্রথম সপ্তাহে রোড মার্চের সময় নির্ধারণ করেন বিএনপি চেয়ারপারসন।
ফারুক সরকারের তিন বছরের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, "তারা দেশকে দুর্নীতিবাজ দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছে। বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পের অর্থায়ন দুর্নীতির কারণে বন্ধ করে দিয়ে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।
সময়মত এ সরকারের 'দুর্নীতি খতিয়ান' জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারি দলের সদস্যরা কুটিক্ত করেছে- এমন অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, "সংসদে ক্ষমতাসীন দলের সদস্যরা মিথ্যাচার করছেন। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের সঙ্গে এক টেবিলে বসে বৈঠক করেছেন, আন্দোলন করেছেন, তখন তারা যুদ্ধাপরাধী ছিলেন না। কেবল বিএনপির সঙ্গে ঐক্য হলেই যেকেউ যুদ্ধাপরাধী হয়ে যান।"
সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ'র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, নাগরিক ফোরামের সভানেত্রী খালেদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭৫৫ ঘ.
bdnews24