ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতা খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
অক্টোবরে চার দলের দুটি সমাবেশে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত-বিএনপি নেতাদের মুক্তি দাবি করে খালেদার বক্তব্য প্রসঙ্গে টুকু বৃহস্পতিবার বলেন, "তিনি যা বলেন তা বুঝে বলেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।"
রিপোর্টার্স ইউনিটি মিলনয়তনে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ আয়োজিত 'দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাজনৈতিক বিধান' শিরোনামের এক আলোচনায় সভায় কথা বলছিলেন তিনি।
গত ১৯ অক্টোবর বিএনপির ঢাকা-রাজশাহী রোডমার্চে চাাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে এক জনসভায় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারকৃত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলি আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবি করেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "খালেদা জিয়া নিজামী, সাঈদীসহ স্বাধীনতাবিরোধীদের মুক্তি চান এটা স্বাভাবিক। কারন এটা প্রমাণিত যে কারা খুনীদের রক্ষা করে, খুনের রাজনীতিতে বিশ্বাস করে এবং জঙ্গীবাদকে পৃষ্ঠপোষকতা দেয়।"
টুকু দাবি করেন, "খালেদা জিয়া পরিকল্পিতভাবে স্বাধীনতাবিরোধী শক্তিদের দ্বারা দেশ চালাতে চান।"
তত্ত্বাবধায়ক সরকার
তত্ত্বাবধায়ক সরকার 'ত্র"টিপূর্ণ' মন্তব্য করে শামসুল হক বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। অন্তত অতিত অভিজ্ঞতা তাই বলে।"
সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর দাবিতে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। চলমান রোডমার্চেরও অন্যতম ইস্যু তত্ত্বাবধায়ক সরকার।
এ প্রসঙ্গে স্মিত হেসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, "উনার (খালেদা জিয়া) মনরোগ বিশেষজ্ঞ দরকার। কারণ তিনি যখন ক্ষমতায় থাকেন তখন সব ভুলে যান, বিরোধী দলে থাকলে সব মনে থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২১০০ ঘ.
bdnews24