ঢাকা, অক্টোবর ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে এসএমএসের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার ব্যবস্থা করা হচ্ছে।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "ভোটের দুই দিন আগে নির্ধারিত নম্বরে যে কোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে এসএমএস করলেই ভোটকেন্দ্র, ভোটার তালিকার ক্রমিক নম্বর ও ভোটার নম্বর জানা যাবে।"
এজন্যে মোবাইল ফোন কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি হবে।
ইভিএম নিয়ে প্রচারণা শুরু
নারায়ণঞ্জের নয়টি ওয়ার্ডে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকাল থেকে নয়টি ওয়ার্ডের ৫৮ কেন্দ্রের সংশ্লিষ্ট ভোটারদের সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু হয়েছে।
ইভিএম নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর বিরোধিতার মুখে ইসি এ প্রচারণা শুরু করলো।
এর আগে সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইভিএম ব্যবহারে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত।
গত শনিবার নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার ইভিএম ব্যবহার থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আবেদন জানান।
তৈমুরের অভিযোগ, ইভিএম হ্যাক করে ফলাফল পাল্টে দেওয়া যায়। সাধারণ ভোটাররা ইভিএম ব্যবহার করে ভোট দিতে পারবে না।
এনসিসিতে ২৭টি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডে (৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২ ও ২৪) ইভিএমে ভোট হচ্ছে। এখানে ৫৮ কেন্দ্রের ৪৫০ ভোটকক্ষে একটি করে ইভিএম ব্যবহার করা হবে। ১ লাখ ৪৮ হাজার ৬২৯ জন ভোটার এ যন্ত্র ব্যবহার করে ভোট দেবে।
এক সপ্তাহ আগেই বৈধ অস্ত্রও জমা দিতে হবে
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত জানান, নিবাচনকে সামনে রেখে ২৩ অক্টোবরের মধ্যে সব ধরনের বৈধ অস্ত্র জমা দিতে হবে। এ বিষয়ে শিগগির পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া ২৭ অক্টোবরের মধ্যরাত থেকে ভোটার এলাকার বাসিন্দা বা ভোটার নন- এমন লোকদের নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
আগামী ৩০ অক্টোবর নবগঠিত এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ছয় জন ও কাউন্সিলর পদে ৩০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী এলাকায় ভোটের দুই দিন আগে থেকে নিয়োজিত হচ্ছে চার কোম্পানি সেনা সদস্য। এছাড়া থাকছে প্রায় সাড়ে ৫ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/২৩৪০ ঘ.
bdnews24