২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের 'এরশাদ-গুঁড়ে' বালি পড়বে: খালেদা

চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চে গাজীপুরের কালিয়াকৈরে এক পথসভায় খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী এরশাদকে নিয়ে নির্বাচন করার যে স্বপ্ন দেখছেন, সে গুঁড়েও বালি পড়বে। চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে এক পথসভায় তিনি এ কথা বলেন। কালিয়াকৈর বাইপাস সড়কের সাহেব বাজারে এই পথসভা হয়। খালেদা জিয়া বলেন, "দলীয় সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ও এরশাদ ছাড়া অন্য কোনো দল রাজি নয়। তাই সরকারকে বলব, এরশাদকে নিয়ে নির্বাচন করার যে স্বপ্ন আপনারা দেখছেন সে গুঁড়েবালি হবে।" "আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগকেও আসতে হবে", যোগ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির এই রোড মার্চ বেলা ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে পৌঁছালে কয়েক হাজার নেতা-কর্মী খালেদা জিয়াকে করতালি দিয়ে স্বাগত জানায়। তিনি হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। কালিয়াকৈরের পথসভা শেষে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়ি বহর। এরপর ভুয়াপুর ও সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথ সভা করে বিকালে বগুড়ায় জনসভা করবেন খালেদা জিয়া। পরদিন নওগাঁ একটি পথসভা করে চাঁপাই নবাবগঞ্জে জনসভায় বক্তব্য দেবেন তিনি। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে ২ হাজারেরও বেশি গাড়ির এই রোড মার্চ শুরু হয়। উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গী ব্রিজ ও টঙ্গী শিল্প এলাকায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা ফুল ছিটিয়ে এই কর্মসূচির সাফল্য কামনা করেন। এ সময় তাদের হাতে ছিল লাল-নীল পতাকা। ড্রাম বাজিয়ে, খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে রোডমার্চকে উৎসাহ জোগান তারা। সাদা রংয়ের পাজেরো জিপে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ দলেল জ্যেষ্ঠ নেতারাও অংশ নিচ্ছেন এই রোড মার্চে। কালিয়াকৈরের পথসভায় সরকারকে 'ব্যর্থ' আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, "তারা (সরকার) জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তাদের একমাত্র অলবম্বন পুলিশ বাহিনী। কিন্তু এ বাহিনী দিয়ে জনগনকে দাবিয়ে রাখা যাবে না।" পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করারও আহবান জানান তিনি। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বিরোধী দলীয় নেতা বলেন, "সরকারের লোকজন ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। সর্বশান্ত বিনিয়োগকারীরা অনশন কর্মসূচিতে বসেছিলো। সব রাজনৈতিক দল তাদের সান্তনা জানাতে গেলেও সরকারি দল যায়নি। উল্টো পুলিশ তাদের কর্মসূচি করতে না দিয়ে তুলে দিয়েছে।" গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমার পর চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বেলা ১১টায় ডিএসইর সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। ওইদিন বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ বিভিন্ন দলের কয়েকজন রাজনীতিবিদ সেখানে গিয়ে বিনিয়োগকারীদের পাশে থাকার ঘোষণা দেন। সোমবার সকালে তাদের ডিএসইর সামনে থেকে তুলে দেয় পুলিশ। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি দলের 'ব্যর্থতার' কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মন্তব্য করেন খালেদা জিয়া বলেন, "এ অবস্থা থেকে উত্তরণে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের কর্মসূচিতে আপনাদের সম্পৃক্ত হতে হবে।" গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে চার দলের সমাবেশ থেকে খালেদা এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন। সিলেট অভিমুখে প্রথম রোড মার্চ হয় ১০ অক্টোবর। পরদিন সিলেটে এক জনসভায় বক্তৃতা করেন খালেদা। খালেদা জিয়ার রোড মার্চে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, এতে ভয় পেয়ে সরকারি দলের নেতারা সমালোচনামুখর হয়েছেন। রোড মার্চ নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "রোড মার্চে সর্বত্র দেশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হওয়ায় সরকারের তা পছন্দ হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী নানা মন্তব্য করছেন।" "আমরা বলতে চাই, এসব হুমকি-ধমকিকে বিএনপি পরোয়া করে না, ভয় পায় না," বলেন তিনি। খালেদার ঢাকা-সিলেট রোড মার্চের সমালোচনা করে প্রধানমন্ত্রী রোববার এক জনসভায় বলেন, "এটি রোড মার্চ নয়, রোড শো।" চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে দুই দিনের রোড মার্চ সিলেটের মতোই সফল হবে বলে আশা প্রকাশ করেন রোড মার্চ প্রস্তুতি কমিটির সমন্বয়কারী নজরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪২০ ঘ.