২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চে গণজাগরণে সরকার ভয়ে: বিএনপি

খালেদা জিয়ার রোড মার্চে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, এতে ভয় পেয়ে সরকারি দলের নেতারা সমালোচনামুখর হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার রোড মার্চে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, এতে ভয় পেয়ে সরকারি দলের নেতারা সমালোচনামুখর হয়েছেন। রোড মার্চ নিয়ে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "রোড মার্চে সর্বত্র দেশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হওয়ায় সরকারের তা পছন্দ হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী নানা মন্তব্য করছেন।" "আমরা বলতে চাই, এসব হুমকি-ধমকিকে বিএনপি পরোয়া করে না, ভয় পায় না," বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্য নিয়ে ঢাকা-সিলেটের পর মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ শুরু করছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। খালেদার ঢাকা-সিলেট রোড মার্চের সমালোচনা করে প্রধানমন্ত্রী রোববার এক জনসভায় বলেন, "এটি রোড মার্চ নয়, রোড শো।" নজরুল বলেন, "প্রধানমন্ত্রী অতীত ভুলে গেছেন। এক সময়ে তিনিও রোড মার্চ করেছেন, হেঁটে নয়-গাড়িতে চড়ে।" "তাদের কাছে আওয়ামী লীগ যা করে তা-ই সঠিক; আর বিএনপি কিংবা অন্য কেউ করলেই হয়ে যায় দোষের। জামায়াতে ইসলামীর সঙ্গে '৯৫ সালে এক টেবিলে বসে বৈঠক করেছেন, তখন কথা উঠেনি। বিএনপির সঙ্গে ঐক্য হওয়ার পর তারা (জামায়াত) হয়ে গেলেন যুদ্ধাপরাধী," বলেন তিনি। রোড মার্চের গাড়িবহর নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, "এত গাড়ি কোত্থেকে এসেছে। ওইসব গাড়ির নম্বর প্লেট দেখে মালিকদের আয়ের উৎস অনুসন্ধান করা হবে।" এর জবাবে নজরুল বলেন, "সরকারকে বলবো, আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও সচিবালয়ে যেসব দামি-দামি মার্সিডিজ ও লেক্সাস গাড়িগুলো প্রবেশ করছে, তার অর্থের উৎস অনুসন্ধান করুন।" দেশের নানা প্রান্তে রোড মার্চ না করে সংসদ অভিমুখে রোড মার্চ করতে আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আহ্বানের প্রতিক্রিয়ায় নজরুল বলেন, "এ পরামর্শ আমাদের বিবেচনায় থাকবে। জাতীয় সংসদ এক পায়ে চলছে। আর নির্বাচন কমিশন একটি সরকারের অনুগত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অভিমুখে ভবিষ্যতে কর্মসূচি হতে পারে।" চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে দুই দিনের রোড মার্চ সিলেটের মতোই সফল হবে বলে আশা প্রকাশ করেন রোড মার্চ প্রস্তুতি কমিটির সমন্বয়কারী নজরুল। রোড মার্চ যে পথে যাবে, সোমবার বিকালে বিএনপির একটি প্রতিনিধি ওই স্থানগুলো ঘুরে এসেছে, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথাও বলেছে তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার নওগাঁ থেকে রাজশাহী জেলার কিছু অংশ ঘুরে রোড মার্চ চাঁপাইনবাবগঞ্জ যাবে। সেখানে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন। ঢাকার উত্তরা থেকে রোড মার্চ শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাবে। সিলেট রোড মার্চের জনসভা নিয়ে দলের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নজরুল বলেন, "এটি সঠিক নয়। সবাই জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ পায় না। তাই বলে অর্থের অভিযোগ হাস্যপ্রদ।" মকবুল অভিযোগ করেন, জনসভায় বক্তব্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেটের নেতা ইলিয়াস আলী। নজরুল অভিযোগ করেছেন, রোড মার্চ সরাসরি স¤প্রচারকারী ওয়েবসাইটটি www.bnplive.com সরকার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কার্যালয় থেকে ওই ওয়েবসাইটটি সোমবার বিকালেও সচল পাওয়া গেছে। নজরুল বলেন, "বিরোধী দলের সংবাদ যাতে প্রচার যাতে না হয়, সে জন্য ওই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।" এ ওয়েবসাইটে খালেদা জিয়ার রোড মার্চের পাশাপাশি আরো কয়েকটি কর্মসূচিও সরাসরি দেখানো হয়। ওয়েবসাইটটির মালিকানায় কারা- জানতে চাইলে নজরুল বলেন, "এটি বিএনপির ওয়েবসাইট নয়। আমাদের মত ও আদর্শের কিছু ব্যক্তি এটি চালাচ্ছেন।" নয়া পল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আমানউল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিব উন নবী খান সোহেল, নুরে আরা সাফা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৫ ঘ.