সিলেট, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই নেতা ছাত্রলীগের মারধরে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন রানা ও খালেদ মাসুদ সুজন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফরাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মামুন নেতৃত্বে আনোয়ার ও সুজনকে পেটানো হয়েছে।
১০ থেকে ১৫ জন ছাত্রলীগকর্মী হকিস্টিক ও লোহার পাইপ দিয়ে ছাত্রদল নেতাদের পেটায় বলে জানান তিনি।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আফরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহপাঠীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিলো না।
এ মারামারি নিয়ে পুলিশকে কেউ অভিযোগ জানায়নি বলে শাহ পরান থানার ওসি এনামুল মনোয়ার জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৮১৪ ঘ.
bdnews24