২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সেলিনা হায়াত আইভি লড়বেন দোয়াত কলম প্রতীক নিয়ে। শামীম ওসমান পেয়েছেন দেয়ালঘড়ি। তৈমূর আলম খন্দকারের প্রতীক আনারস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগের উপ-বিভাগীয় নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতা এ কে এম শামীম ওসমান 'দেয়ালঘড়ি' ও সেলিনা হায়াত আইভি 'দোয়াত কলম' প্রতীক বরাদ্দ পেয়েছেন। মেয়র পদের আরেক প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার বরাদ্দ পেয়েছেন 'আনারস' প্রতীক। এছাড়া নির্বাচনে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া চলছে এবং তা বিকাল ৪টা পর্যন্ত চলবে। নবগঠিত নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ হবে। শামীম, আইভি, তৈমূর ছাড়া মেয়র পদে লড়বেন আরো তিন জন। তারা হলেন- ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী (গরুর গাড়ি) এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ (হাঁস) ও আতিকুল ইসলাম জীবন (তালা)। ২৭টি ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত নারী আসনে প্রার্থীর সংখ্যা তিন শতাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪২২ ঘ.