ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের দুই নেতার কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নতুন করে আলোচনায় বসে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।
বুধবার ছিলো নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে সেলিনা হায়াত আইভি ও এ কে এম শামীম ওসমানের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
দল সমর্থিত একক প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতারা কয়েক দফা আইভি ও শামীমের সঙ্গে বৈঠক করলেও কোনো ফল দেখা যায়নি।
দুজনের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দলের অবস্থান কী হবে- জানতে চাওয়া হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু দুজনের কেউই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সে ক্ষেত্রে আমাদের আবার বসে করণীয় কী- সে সিদ্ধান্ত নিতে হবে।"
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় গত হওয়ায় এখন যদি দুই প্রার্থীর মধ্যে সমঝোতা হয়-ও, তাহলেও ব্যালট পেপারে দুজনের নাম থেকে যাবে।
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে আইভি ও শামীম ছাড়া মেয়র পদে চূড়ান্ত প্রার্থী এখন ছয় জন। আওয়ামী লীগের দুজন হওয়ায় বিএনপি সমর্থিত তৈমূর আলম খোন্দকার সুবিধা পাবেন বলে আশা করছেন বিরোধী দলের নেতা-কর্মীরা।
এ বিষয়টি মাথায় রয়েছে আওয়ামী লীগেরও। হানিফ গত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "দলের দুইজন প্রার্থী থাকলে নির্বাচনে জয় পাওয়া কঠিন হবে। ভোট বিভক্ত হয়ে যাবে।"
ওই দিনই গণভবনে শামীম ও আইভির সঙ্গে কথা বলেছিলেন শেখ হাসিনা।
আইভি ও শামীম দুজনই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্য।
সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই নাসিম ওসমান নারায়ণগঞ্জে ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য। তাদের আরেক ভাই সেলিম ওসমান বিকেএমইএ সভাপতি। তাদের দাদা খানসাহেব ওসমান আলী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সময়ের নেতা।
আইভি সদ্যবিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। চারদলীয় জোট সরকারের সময়ে বিরোধী দল সমর্থিত প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন তিনি। আইভির বাবা আলী আহমেদ চুনকাও ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24