নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতা এ কে এম শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভির কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে শুধু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম ও আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত নেতা মাওলানা হাবিবউল্লাহ চাঁদপুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকতা ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। শামীম ও আইভির মনোনয়নপত্র প্রত্যাহার না করার মানে হলো দুজনই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এরপর ক্ষমতাসীন দলের দুই প্রার্থীর মধ্যে সমঝোতা যদি হয়-ও, তাহলেও ব্যালট পেপারে দুজনেরই নাম থাকবে।
শামীম ও আইভিকে নিয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা দফায় দফায় বৈঠক করেও ফল পায়নি।
ফলে মেয়র পদের আরেক প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের 'সম্ভাবনা' বাড়বে বলেই মনে করছে বিরোধী দলের কর্মী-সমর্থকরা।
নবগঠিত নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ হবে। মেয়র পদে এখন ছয় জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
তারা হলেন- শামীম ওসমান, সেলিনা হায়াত আইভী, তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ ও আতিকুল ইসলাম জীবন।
২৭টি ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত নারী আসনে প্রার্থীর সংখ্যা তিন শতাধিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৮২৩ ঘ.
bdnews24