২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৭৫ ভোটারের জন্য এক জন রক্ষী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী না থাকলেও গড়ে প্রায় প্রতি ৭৫ ভোটারের বিপরীতে এক জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছে, যারা মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী না থাকলেও গড়ে প্রায় প্রতি ৭৫ ভোটারের বিপরীতে এক জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছে, যারা মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবে। সোমবার ইসি সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ কথা জানান। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নতুন এ সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মোট সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে তিনি জানান। নারায়ণগঞ্জে ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭০৬ জন। সাখাওয়াত বলেন, "দেড় হাজার স্থানীয় ফোর্সের সঙ্গে চার হাজার এক্সট্রা ফোর্স থাকবে।" বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ নির্বাচনে মোতায়েন না থাকায় র‌্যাব সদস্য বেশি থাকবে বলে তিনি জানান। এ নির্বাচনে মোট ৬০০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের আগের দুদিন এবং পরের দুদিন মিলিয়ে মোট পাঁচ দিন মোতায়েন থাকবে বলে সাখাওয়াত জানান। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসা এ নির্বাচন কমিশন এবার নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করবে কি না- জানতে চাওয়া হলে সাখাওয়াত উত্তর এড়িয়ে বলেন, "সব ধরনের অপশন খোলা আছে।" এর আগে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় ইসি সচিব মোহাম্মদ সাদিক, রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, কোস্টগার্ডসহ সংশি¬ষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ৫৮টি কেন্দ্রের ৪৫০টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। এসব ওয়ার্ড হচ্ছে- ৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২৩ ও ২৪। নাসিম ওসমানকে আবার সতর্ক করা হলো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানকে আবার সতর্ক করতে রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে বলে সাখাওয়াত বলেন। তিনি বলেন, "আমরা চাই, দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের জন্য বিড়ম্বনা সৃষ্টি করবেন না।" সংসদ সদস্য হয়ে ভাইয়ের এলাকায় উন্নয়নমূলক কাজের প্রতিশ্র"তি দেওয়ায় মহাজোট শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিমকে এর আগেও সতর্ক করা হয়েছিলো। নাসিমের ভাই এ কে এম শামীম ওসমান এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন। সাবেক সংসদ সদস্য শামীম আওয়ামী লীগের সমর্থন চাইছেন। তবে দল এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। প্রতিকেন্দ্রে ২৪ জন সদস্য: সঙ্গে ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ২৪ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে আচরণবিধি পর্যবেক্ষণে ভিডিও ক্যামেরা নিয়ে ইসির নিজস্ব লোক টহলে থাকবে। স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ২৭ নির্বাহী হাকিম এবং তিনটি ওয়ার্ড মিলে একজন করে মোট ৯ জন বিচারিক হাকিম তদারিক করবে শৃঙ্খলা পরিস্থিতি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে ইসি নিজস্ব কর্মকর্তা 'নীরব পর্যবেক্ষক' হিসেব সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ ভোটের দুই দিন আগে থেকে বহিরাগতদের ( বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকা ছাড়তে হবে। নির্বাচনের দিন প্রভাবশালীরা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করলে পুলিশ ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাখাওয়াত হোসেন জানান, ইতোমধ্যে নির্বাচনী এলাকায় অপরাধীদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের কয়েকদিন আগে লাইসেন্সধারীরাও যাতে অস্ত্রসহ চলাচল না করে সে বিষয়ে স্বরষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দেবে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিম রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কাজ করে যাবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য ব্যবস্থা রাখা হবে সব ধরনের। আশা করি, আরেকটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬১৩ ঘ.