ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের আমলে জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনগুলোতে কোনো হস্তক্ষেপ করা হয়নি- নতুন ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন রাষ্ট্রদূত রবার্ট উইনিংটন গিবসন রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদলীয় বা বিরোধী দল সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
জনগণের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশে কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, 'আমরা চাই- গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর হোক'। একই সঙ্গে প্রধানমন্ত্রী সবার অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করেন।"
বিরোধী দলের সাংসদদের মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের বেশ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতি করার বিষয়টিও প্রধানমন্ত্রী তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার বিষয়েও প্রধানমন্ত্রী এ সময় গুরুত্ব আরোপ করেন।
এ সময়, দু'দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির এবং বাংলাদেশে আরো বৃটিশ বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দেশের নদীগুলোর নাব্য বৃদ্ধিতে সরকারের নেওয়া পদক্ষেপে যুক্তরাজ্যের সহায়তা চান তিনি।
"জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এবং নারীর ক্ষমতায়নে এই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন রবার্ট গিবসন," বলেন প্রেস সচিব।
যুক্তরাজ্যের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তার দেশের সহায়তা আশ্বাস দেন।
জাতিসংঘের ৬৬তম অধিবেশনে 'শান্তির মডেল' উপস্থাপন এবং 'সাউথ সাউথ' পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রবার্ট গিবসন।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯০৪ ঘ.
bdnews24