ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে কারচুপির সুযোগ নেই দাবি করে এ নিয়ে বিএনপির বিরোধিতার সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বুধবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিএনপি ইভিএমের প্রক্রিয়াটি না দেখেই এর বিরোধিতা করছে।
"তারা (বিএনপি) নির্বাচন কমিশনে এলেন না, ইভিএম দেখলেন না, ইসিকে কিছু বলবেন না। ওনারা বাইরে যা বলছেন, তা রাজনৈতিক বক্তব্য।"
নির্বাচন কমিশন এ বছরের মাঝামাঝিতে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে। তবে বিএনপি ওই সংলাপে যায়নি।
ইভিএমের বিরোধিতা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকার আগামী নির্বাচনে ডিজিটাল কারচুপি করতে ইভিএম চালুর চেষ্টা করছে। এটা মেনে নেওয়া হবে না।"
আগামী সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবিও জানান তিনি।
সাখাওয়াত বলেন, দেশের বিভাজিত রাজনৈতিক সংস্কৃতিতে একদল 'হ্যাঁ' বললে অন্যদল 'না' করছে। কিন্তু ইভিএম-এর বিষয়টি নিয়ে সমালোচনা হতে পারে- এটা ওপেন।
"আপনাদের কোনো সিস্টেম থাকলে উপস্থাপন করুন; আমরা উপকৃত হতাম, তা বিবেচনাও করা হতে পারে," বিরোধী দলের উদ্দেশে বলেন তিনি।
কয়েক মাসের মধ্যে মেয়াদ শেষ হতে যাওয়া নির্বাচন কমিশনের কমিশনার সাখাওয়াত বলেন, "আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না, তা পরবর্তী নির্বাচন কমিশনই ঠিক করবে। তবে আমরা প্রস্তুতি রেখে যাবো।"
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে নয়টিতে ইভিএম ব্যবহার হচ্ছে। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯০২ ঘ.
bdnews24