২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চের প্রস্তুতিতে বিএনপির যৌথসভা

সিলেট ও রাজশাহী অভিমুখে রোড মার্চ সামনে রেখে দলীয় নেতাদের নিয়ে যৌথসভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ও রাজশাহী অভিমুখে রোড মার্চ সামনে রেখে দলীয় নেতাদের নিয়ে যৌথসভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় দলীয় নেতাদের বিভিন্ন নিদের্শনা দেন তিনি। বিএনপির নেতৃত্বে আগামী ১০ অক্টোবর সিলেট এবং ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে চার দলের এই রোড মার্চের নেতৃত্ব দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির শীর্ষ নেতারা জানান, যৌথ সভায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোড মার্চ সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। ঢাকা থেকে গন্তব্যে পৌঁছানোর পথে জনসভা ও পথসভাগুলোতে নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং স্থানীয় পর্যায়ে রোড মার্চ নিয়ে প্রচার ও গণসংযোগ চালাতেও নির্দেশ দেন তিনি। এর আগে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৫টি জেলার নেতাদের নিয়ে আলাদাভাবে বৈঠক করে রোড মার্চ প্রস্তুতি কমিটি। সিলেট রোড মার্চের প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে। আর রাজশাহীর প্রস্তুতি কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান। মির্জা ফখরুলের সভাপতিত্বে মঙ্গলবারের যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, রহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদি আহমেদ রুমী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ অঙ্গসংগঠনের সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১১২ ঘ.