২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ইভিএম: এড়িয়ে গেলেন ফখরুল

নির্বাচনে ভোটিং মেশিন ব্যবহারকে 'কারচুপির হাতিয়ার' বললেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে এ বিষয়ে স্পষ্ট কিছু বললেন না বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ভোটিং মেশিন ব্যবহারকে 'কারচুপির হাতিয়ার' বললেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে এ বিষয়ে স্পষ্ট কিছু বললেন না বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টির মধ্যে নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। ইভিএমের বিরোধিতা করে আসা বিএনপি এ নির্বাচনের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে- জানতে চাওয়া হলে ফখরুল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "স্থানীয় সরকার নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন। সেজন্য ওই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি স্থানীয় ইউনিট সিদ্ধান্ত নেবে। এটা তাদের বিষয়।" নির্বাচন কমিশন গত ২২ সেপ্টেম্বর তফসিল ঘোষণার সময়ই নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছিলো। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে তৈমুর আলম খন্দকার ইতোমধ্যে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নারায়ণগঞ্জে ইভিএমের বিষয়টি এড়িয়ে গেলেও জাতীয় নির্বাচনে তা ব্যবহারের ঘোর আপত্তি তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সরকার আগামী নির্বাচনে ডিজিটাল কারচুপি করতে ইভিএম চালুর চেষ্টা করছে। এটা মেনে নেওয়া হবে না।" "ইভিএম বাংলাদেশের জন্য নিরাপদ পদ্ধতি হতে পারে না। এতে সহজে কারচুপি করা যায়। আমরা প্রথম থেকে এ পদ্ধতির বিরোধিতা করে আসছি। আশা করি, নির্বাচন কমিশন এ ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকবে," বলেন ফখরুল। বিরোধী দল আপত্তি করলেও বর্তমান সরকার নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের পক্ষপাতি। এর পক্ষে প্রধানমন্ত্রী বলছেনও। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার হয়েছিলো। ওই নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়। বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় দাবি করে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না যাওয়ার কথাও সংবাদ সম্মেলনে বলেন ফখরুল। তিনি বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ। তারা কখনোই নিরপেক্ষ ছিলো না, বর্তমানেও নেই। তাই এই কমিশনের সঙ্গে কোনো প্রকার আলোচনা আমরা করবো না।" সংবিধান সংশোধনের পর তত্ত্বাবধাক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নেই বলে সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, "সংবিধান কোনো বাইবেল নয়। দেশের মানুষের জন্য সংবিধান ও আইন প্রণীত হয়। তাই দেশের মানুষ না চাইলে তা আইনে থাকতে পারে না। দেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এটা সরকারকে উপলব্ধি করতে হবে।" নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ছিলেন রুহুল কবির রিজভী, নাজিম উদ্দিন আলম, আবদুল লতিফ জনি, শ্যামা ওবায়েদ, আবদুস সালাম আজাদ, মীর শরফত আলী সপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৬ ঘ.