২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বৃটেনের আগ্রহ অবাধ ও স্বচ্ছ নির্বাচনে'

ঢাকায় ব্রিটেনের নতুন হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন বলেছেন, তাদের আগ্রহ বাংলাদেশে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ব্রিটেনের নতুন হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন বলেছেন, তাদের আগ্রহ বাংলাদেশে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেখা। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, "নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া হলে কমিশনকে সহযোগিতা করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে।" সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও আগামী নির্বাচন এ ব্যবস্থায় করার দাবিতে আন্দোলন করছে বিএনপি। সোমবার সকালে রাষ্ট্রপতি জিল¬ুর রহমানের কাছে পরিচয়পত্র প্রদান করেন সদ্য নিযুক্ত এ হাইকমিশনার। এর আগে ২০০২-০৫ সাল মেয়াদে তিনি বাংলাদেশে ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন। নতুন এ হাইকমিশনার বলেন, "অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সহযোগিতা করা উচিত। "তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য করার মতো অবস্থানে আমি নেই।" এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতার উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "ব্রিটেন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য আমি এখানে এসেছি। এটা অর্জনে সব অংশীদারের সঙ্গে কাজ করবো।" তিনি বলেন, "গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য কার্যকর পার্লামেন্ট ও প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকা গুরুত্বপূর্ণ।" "গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর উচিত জাতীয় স্বার্থ সংশি¬ষ্ট বিষয়গুলো পার্লামেন্টে আলোচনা করা।" উন্নয়ন সহায়তা এই কূটনীতিক বলেন, "২০১২-১৫ সাল মেয়াদে উন্নয়ন সহায়তা দ্বিগুণ করে বাংলাদেশকে একশ' কোটি পাউন্ড দেবে ব্রিটেন।" গিবসন বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে, ৯৭ শতাংশ শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা এবং দারিদ্র্যসীমার নিচে বাস করা দেড় কোটির বেশি মানুষকে প্রত্যক্ষভাবে সহায়তা করা।" "বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে আমাদের করদাতাদের দেওয়া অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে ব্রিটেনে আমরা একটি পর্যবেক্ষক দল গঠন করেছি।" হাইকমিশনার বলেন, "বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলো মানুষের মাথাপিছু আয় বাড়তে সহায়তা করেছে এবং গত দুই দশকে এ দেশটি পাঁচ থেকে ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে।" বাংলাদেশে প্রায় ৫০টি ব্রিটিশ প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে এবং তারা এখানে প্রায় দুইশ' কোটি পাউন্ড বিনিয়োগ করেছে। বাংলাদেশি বিনিয়োগকারীদেরও তৃতীয় বৃহৎ লক্ষ্য ব্রিটেনের বাজার। অলিম্পিক গিবসন বলেন, ২০১২ সালের অলিম্পিক গেমস শুধু লন্ডনেই হবে না। প্রচুর বাংলাদেশি ব্রিটিশ রয়েছে এমন এলাকায়ও অনুষ্ঠান হবে। "আমি আশা করি, অলিম্পিক দুদেশের মধ্যে কেবল বাণিজ্য সুযোগই বাড়াবে না, ব্রিটিশ কাউন্সিলের ইনস্পাইরেশন প্রোগ্রামের মাধ্যমে দুদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেও যোগাযোগ বাড়বে।" এ গেমসে অংশ নিতে যাওয়া সব অ্যাথলেট ও কর্মকর্তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। গত অগাস্টে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু নিয়ে লন্ডনে ব্যাপক অরাজকতা ছড়িয়ে পড়ে যা পুরো দেশকে নাড়া দিয়ে যায়। মানবাধিকার র‌্যাবকে ব্রিটিশ সরকার কোনো ধরনের প্রশিক্ষণ দিচ্ছে না উল্লেখ করে হাইকমিশনার বলেন, "আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছিলাম। কিন্তু তা ছিলো নৈতিকতা ও মানবাধিকারের ওপর।" তিনি বলেন, কোনো সংগঠন মানবাধিকার লঙ্ঘন করলে ব্রিটিশ সরকার সব সময়ই তার নিন্দা জানায় এবং উদ্বেগ প্রকাশ করে। "এ দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আমরা কৌশলগত সহায়তাও দিয়েছি।" তারেক জিয়া বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়া কোন আইনের আওতায় ব্রিটেনে অবস্থান করছেন জানতে চাইলে সে বিষয়ে জবাব দিতে অস্বীকার করেন ব্রিটিশ কমিশনার। "কোনো ব্যক্তির অভিবাসন নিয়ে কথা না বলা যুক্তরাজ্য সরকারের নীতি", বলেন তিনি। ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ও বিদেশে মুদ্রাপাচারসহ বেশ কয়েকটি মামলার আসামি তারেক জিয়া বর্তমানে লন্ডনে আছেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর চিকিৎসার জন্য ২০০৭ সালে তিনি লন্ডন যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৪৬ ঘ.