২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের তদন্ত প্রতিবেদন আসছে অতিদ্রুত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 07:13 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম আযম বিষয়ে রোববার ট্রাইবুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান বলেন, "তার তদন্তও অনেক দূর এগিয়েছে। এখন আমরা আর দ্রুত বলবো না। এখন বলবো, অতিদ্রুত এই প্রতিবেদন দেওয়া হবে।" "আশা করি এই সময়সীমা একমাস।" জামায়াতে ইসলামীর সাবেক এ আমিরকে গ্রেপ্তার করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাইবুনালের এ কর্মকর্তা বলেন, "আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।" রোববার দুপুরের পর বেইলি রোডে অবস্থিত তদন্ত সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া কারাগারে আটক রয়েছেন। একই অপরাধে এদিন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েেেছ বলে জানায় তদন্ত সংস্থা। ট্রাইবুনালকে দেওয়ার জন্য সোমবার ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে দেওয়া হবে। সাকার বিরুদ্ধে তদন্ত আগে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একই ধরনের প্রতিবেদন দিয়েছিলো তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের ভিত্তিতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০১৭ ঘ.