২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচনে ৯ প্রার্থীর ৭ জন ব্যবসায়ী

হবিগঞ্জ ও ব্রাহ্মবাড়িয়ায় উপ-নির্বাচনে প্রার্থীদের নয়জনের সাতজনই ব্যবসায়ী- এ তথ্য জানিয়ে সুজন বলেছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও ব্রাহ্মবাড়িয়ায় উপ-নির্বাচনে প্রার্থীদের নয়জনের সাতজনই ব্যবসায়ী- এ তথ্য জানিয়ে সুজন বলেছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক নয়। প্রকৃত রাজনীতিবীদরা রাজনীতি থেকে দুরে সরে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজন জানায়, হবিগঞ্জ-১ ও ব্রাহ্মবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে নয়জন প্রার্থীর মধ্যে সাতজনই ব্যবসায়ী। এ বিষয়ে লিখিত প্রতিবেদনে বলা হয়, "রাজনীতি ব্যবসায়ীদের করায়ত্ত হয়ে গেছে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক নয়। "ব্যবসায়ীরা রাজনীতিতে প্রবেশ করার 'বিরাজনীতিকরণ' হচ্ছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখতে হবে।" হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ লুৎফুল হাই সাচ্চু মারা যাওয়ায় ওই দুটি আসনে আগামী ২৭ জানুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ-১ আসনে পাঁচজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হবিগঞ্জ-১ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. মুশফিক হুসেন চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল মুমিন চৌধুরী, জমিয়াতে উলামায়ে ইমলাম বাংলাদেশ'র মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির মো. খালেক হোসেন মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র নিয়াজুল করিম ও জাসদের মো. ইউনুস মিয়া। নির্বাচন কমিশনের (ইসি) বরাত দিয়ে সুজন জানায়, এদের মধ্যে ৮০ শতাংশই (সাতজন) ব্যবসায়ী। একজন কৃষিকাজে এবং অপর একজন আইন ব্যবসায় জড়িত। নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা ৫০ শতাংশ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিদ্বন্দ্বিতাকারী নয়জন প্রার্থীর মধ্যে ৫৫ দশমিক ৫৫ শতাংশ প্রার্থীর (পাঁচজন) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। বাকি তিনজন এইচএসসি পাস এবং একজন সাক্ষরতাজ্ঞান সম্পন্ন। নয় প্রার্থীর মধ্যে মামলা আছে ৫৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। ৪৪ দশমিক ৪৪ শতাংশ প্রার্থী নিয়মিত কর পরিশোধ করেন। আর ৩৩ দশমিক ৩৩ শতাংশ প্রার্থী কোটিপতি। তবে সম্পদের বিবরণীতে প্রার্থীরা সঠিক তথ্য দেননি জানিয়ে সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, "অনেকেই তথ্য গোপন করেছেন। এ বিষয়ে অনুসন্ধান হওয়া দরকার।" সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুজনের নির্বাহী সদস্য জাকির হোসেন, ঢাকা জেলা সভাপতি মেহেরী খুদা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেবি/পিডি/১৯৪০ ঘ.