ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির তিনটি মামলায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ও একটিতে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
এ সব মামলায় চার মাসের জন্য অথবা এর আগে পুলিশ প্রতিবেদন দাখিল হলে তার আগ পর্যন্ত তাদের জামিন কার্যকর হবে।
বিচারপতি শামীম হাসনাইন ও মো. রেজাউল হাসানের বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
সেইসঙ্গে তাদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত।
জমির উদ্দিন সরকার ও আখতার হামিদ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট টি এইচ খান। সরকার পক্ষে ছিলেন মোহাম্মদ উল্লাহ কিসলু।
আদেশের পর কিসলু সাংবাদিকদের বলেন, "দুই মামলায় জমির উদ্দিন সরকারকে এবং আরেকটি মামলায় জমির উদ্দিন ও আখতার হামিদকে জামিন দেওয়া হয়েছে।"
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৬ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করে।
অভিযোগে বলা হয়, সাবেক স্পিকার জমিরউদ্দিন, সাবেক ডেপুটি স্পিকার আখতার ও সাবেক চিফ হুইপ দেলোয়ার ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত গাড়ি ব্যবহার এবং এজন্যে অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/১৭১২ ঘ.
bdnews24