ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দুদকের উপ-পরিচালক আখেরুজ্জামান ও মো. মজিবুর রহমান বাদী হয়ে বিএনপির এ তিন নেতার বিরুদ্ধে মামলাগুলো করেন।
মামলার অভিযোগ, সাবেক স্পিকার জমিরউদ্দিন, সাবেক ডেপুটি স্পিকার আখতার ও সাবেক চীফ হুইপ দেলোয়ার ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত গাড়ি ব্যবহার ও এজন্যে অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করেছেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
শেরে বাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুদকের দু-কর্মকর্তা সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিনটি মামলা করেছেন।"
২০১০ সালের ২৮ ডিসেম্বর বিএনপির'র এ তিন নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে পাঁচটি মামলা করে দুদক। সেখানে বিদেশে চিকিৎসার নামে নিয়ম বহির্ভূতভাবে অর্থ উত্তোলন, ভ্রমণভাতা উত্তোলন ও সংসদের আসবাবপত্র ফেরত না দেওয়ার অভিযোগ আনা হয়।
রোববারের তিন মামলার একটিতে জমিরউদ্দিন সরকারকে এককভাবে আসামি করা হয়েছে। আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ারকে একটি করে মামলার আসামি করা হয়েছে।
খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা মামলাটির বাদী হয়েছেন মো. মজিবুর রহমান। বাকি দুটি মামলার মো. আখেরুজ্জামান।
মামলায় বলা হয়েছে, স্পিকার হিসাবে দায়িত্ব পালনের সময় জমিরউদ্দিন সরকার নিজের জন্য একটি প্রাইভেটকার, একটি জিপ, ব্যক্তিগত কর্মচারীর জন্য একটি মাইক্রোবাস বরাদ্দ পান। তা সত্ত্বেও তিনি ক্ষমতার অপব্যবহার করে একান্ত সচিবের জন্য আরো দুটি গাড়ি বরাদ্দ নেন।
পাঁচটি গাড়ির থাকার পরে তিনি আরো একটি মাইক্রোবাস ও দুটি জিপ ২০০১ সাল থেকে ২০০৮ পর্যন্ত ব্যবহার করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে তিনি অবৈধভাবে মোট ৪০ লাখ ৯৩ হাজার ৫শ ২০ টাকার জ্ঝালানির অপচয় করেছেন।
একইভাবে আখতার হামিদ সিদ্দিকী ডেপুটি স্পিকার থাকাকালীন নিজের ব্যবহার্য চারটি গাড়ি ছাড়াও একটি জিপ ও মাইক্রোবাস ব্যবহার করেছেন। এজন্যে জ্বালানি বাবদ ৫৮ লাখ ৭১ হাজার ৬শ ৮০ টাকা উত্তোলনের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেন। তার এই কাজে অনুমোদন দিয়ে জমিরউদ্দিন সরকার সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
তৎকালীন চীফ হুইপ ও বিএনপির মহাসচির খোন্দকার দেলোয়ার হোসেন ক্ষমতার অপব্যবহার করে একটি গাড়ি অতিরিক্ত ব্যবহার করে ২ লাখ ১০ হাজার ৬ শ ৯৫ টাকা উত্তোলন করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এই কাজে সহযোগিতার অভিযোগে তৎকালীন স্পিকার জমিরউদ্দিন সরকারকেও মামলায় আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৩১ ঘ.
bdnews24