বাগেরহাট, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে বিজয়ী মেয়র ও পরাজিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আটকরা হলেন- রিপন (৩৮), ইসলাম (২৬) ও আবু চাপরাশী (৪৫)।
শনিবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত মেয়র প্রার্থী এম. এমদাদুল হকের সমর্থকরা নবনির্বাচিত মেয়র তালুকদার মনিরুল হকের তিন কর্মীকে মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়রের সমর্থকরা কিছুক্ষণের মধ্যে সংঘবদ্ধ হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এমদাদ ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তারা কিছু আসবাব ভাংচুর করে।
তবে মনিরুল ও এমদাদুল উভয়েই প্রতিপক্ষের উপর হামলার কথা অস্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে মনিরুল মেয়র নির্বাচিত হন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী মেয়র ও পরাজিত মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।"
এই ঘটনায় মেয়র সমর্থক তিন জনকে আটক করা হয়েছে।
মোরেলগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হক দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তার সমর্থকদের উপর হামলা চালায়। তারা কোনো হামলা করেনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে মনিরুলের সমর্থকরা মোরেলগঞ্জ চৌরাস্তার মোড়ে আমার সমর্থক সোহেল, মামুন ও মিলনকে মারধর করে।"
২০/২৫ জনের ওই দলটি দুপুরে হাসপাতাল খেয়াঘাট এলাকায় তার অপর দুই সমর্থক পান্না ও সুমনকেও মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।
এদের মধ্যে প্রথম তিনজনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দু'জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
পরাজিত মেয়রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ২০/২৫ জন সশস্ত্র যুবক আমার সমর্থকসহ আমার উপর হামলা চালায়"
এতে এমদাদুলসহ তার চার-পাঁচজন সমর্থক রক্তাক্ত জখম হন বলে দাবি করেন তিনি।
তার পক্ষের আহতরা হলেন- আব্দুল গফফার মৃধা (৫০) ও তার ছেলে রাকিব (২৫), সেকেন্দার (৬০), শামীম (২৬) ও ইমরান (১৯)।
এদের মধ্যে প্রথম দু'জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, সেকেন্দারকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দু'জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২০৫৯ ঘ.
bdnews24